
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : কোচবিহারে দাঁড়িয়ে ফের বাম আমলের ভূমি নীতি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সিপিএমের শাসনকালে মূলনিবাসীদের জমি কেড়ে বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল। এর জেরে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েছেন রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষ। বুধবার কোচবিহারে রাজবংশী-কামতাপুরী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর বামেদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আশ্বাস দেন, বর্তমান সরকার রাজবংশী ও কামতাপুরী সম্প্রদায়ের মানুষের উন্নয়ন ও অধিকার রক্ষায় সবরকমভাবে পাশে থাকবে। সংকল্পপত্রে তাঁদের জন্য যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, তার প্রতিটিই বাস্তবায়িত করা হবে বলেও জানান তিনি। এই লক্ষ্যেই দিল্লিতে গিয়ে সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করে এসেছেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।আজ, বুধবার রাসের উদ্বোধনে কোচবিহারে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। কিন্তু সেই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে রাজবংশী, কামতাপুরী একাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ চলা এই বৈঠকে একাধিক বিষয়ে চর্চা হয়। পরে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ”আলোচনায় একাধিক বিষয় উঠে এসেছে। হেরিটেজ কমিশন গঠন, স্কুলগুলিতে অর্থ বরাদ্দ করা, পরিযায়ীদের ফেরানো, শিল্পীদের ভাতা দেওয়া-সহ একাধিক বিষয় রয়েছে।” সেখানেই জমি বেদখল হওয়ার বিষয়টি সামনে আসে।
মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে অনেকেই দুঃখপ্রকাশ করে বলছিলেন, একটা সময় সমস্ত জমির মালিক তাঁরা ছিলেন। কিন্তু অধিকাংশ জমি এখন বেহাত হয়ে গিয়েছে। এজন্য সিপিএমকেই দায়ী করে শুভেন্দু অধিকারী বলেন, ”তারা বর্গা, ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছে। এখন তো সেগুলি ঠিক করা যাবে না। কিন্তু পরবর্তী সময়ে যা করার অবশ্যই করব।” বলে রাখা প্রয়োজন, বাংলা, ঝাড়খন্ড-সহ একাধিক সময়ে প্রচার কিংবা সভায় ল্যান্ড জিহাদ নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় জনবিন্যাস বদল নিয়েও সুর চড়িয়েছেন তিনি। এবার কার্যত সেই ‘ল্যান্ড জিহাদে’র বিষয়টিই মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”রাজবংশী ভাষা অষ্টম তফশিলি অন্তভক্তকরণ-সহ সংকল্পপত্রে যা বলা হয়েছে সবটাই করা হবে। এজন্য গত ১৯ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিবের সঙ্গেই বিষয়টি নিয়ে চর্চা হয়েছে।
