Kestopur | স্কুলের বদলে ক্লাবে পড়াশোনা, কেষ্টপুরে জমি বিতর্কে তীব্র বিক্ষোভ

Kestopur school controversy (symbolic picture)
Kestopur school controversy (symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :কেষ্টপুরে সরকারি স্কুলের জমি বিক্রি করে আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে বুধবার উত্তেজনা ছড়াল। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরব হয়েছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, স্কুল বিক্রি করে টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এদিন বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। যদিও বিক্ষোভের মুখে অভিযুক্ত কাউন্সিলরের দেখা মেলেনি। ফলে বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়ে।

স্থানীয়দের অভিযোগ, ১৪-১৫ বছর আগে এলাকায় একটি অঙ্গনওয়াড়ি স্কুলে আচমকা আগুন লেগে যায়। তারপর থেকে বেহাল অবস্থায় পড়েছিল স্কুলটি। ওই বেহাল স্কুলটিই তৃণমূল কাউন্সিলর আশুতোষ নন্দী অন্য এক ব্য়ক্তিকে বিক্রি করে দেন বলে অভিযোগ। বর্তমানে স্থানীয় একটি জরাজীর্ণ ক্লাবে চলছে স্কুল। সেখানে শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তায় স্থানীয়রা। তাঁদের দাবি, পুরনো জায়গায় ফেরাতে হবে স্কুল। বর্তমানে ওই স্কুলের জমিতে একটি অফিস নির্মাণ করা হয়েছে। তৃণমূল কাউন্সিলর যে ব্যক্তিকে স্কুলটি বিক্রি করেছেন তিনিই ওই অফিস তৈরি করেন। বুধবার সেই অফিসের সামনেই বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক স্লোগান দিতে থাকেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কেষ্টপুরের ওই এলাকায় অধিকাংশ মানুষই আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির। সেখানে একটি স্কুল ছিল, কিন্তু কয়েক বছর আগে অগ্নিকাণ্ডে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিনের জন্য বন্ধ থাকে পঠনপাঠন। অভিযোগ, পরবর্তীকালে স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী স্কুলটি বিক্রি করে দেন। বর্তমানে এলাকার শিশুদের একটি ক্লাবে অস্থায়ীভাবে পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু ক্লাবের পরিকাঠামো অত্যন্ত খারাপ এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাই অবিলম্বে শিশুদের জন্য স্কুলটি ফের চালু করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দার কথায়, “শুনেছি, ১০ থেকে ১৫ লক্ষ টাকায় স্কুলটি বিক্রি করে দেওয়া হয়েছে।” অবশ্য এই অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…