
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে উত্তেজনার আবহে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে ভাটপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে গঙ্গা আরতি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে চর্চা চলছে, ঠিক সেই সময় অর্জুন সিংয়ের এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর দাবি, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার ও হত্যার ঘটনা ঘটেছে, তার জবাব দেওয়া প্রয়োজন। এদিন তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা। অনেক হয়ে গিয়েছে। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, তার বদলা তো নিতেই হবে। এতে কোনও সন্দেহ নেই।”
ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান বলে কয়েক দিন আগে জানিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি তাঁর বাংলাদেশে ফেরার দিনক্ষণও জানিয়ে দেয় আওয়ামি লিগ নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় হাসিনার দলের তরফে জানানো হয়, ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। যে দিন বাংলাদেশের বিজয় দিবস।এ দিকে হাসিনার দেশে ফেরার বার্তার পরে থেকেই গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে। নড়াইলের কালিয়া এবং পাবনা, চট্টগ্রাম ও বরিশালের নানা জায়গায় আওয়ামি লিগের সমর্থকদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনাও বার বার সামনে এসেছে। চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে যা হয়েছে বা হচ্ছে, তা নিয়েও তীব্র সমালোচনা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের ঘটনা প্রসঙ্গেই এই প্রতিক্রিয়া অর্জুনের।
