
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী এবং হিন্দু শরণার্থীদের পৃথকভাবে চিহ্নিত করার প্রশ্নে এবার কড়া অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারে রাসমেলার উদ্বোধনী মঞ্চ থেকেই জেলা পুলিশ সুপারকে সরাসরি নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর বার্তা, জেলায় থাকা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যে পথ দিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছেন, সেই পথেই ফেরত পাঠাতে হবে। অন্যদিকে, প্রাণ ও ধর্ম রক্ষার তাগিদে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী হিসেবে বিবেচনা করে আশ্রয় দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। একইসঙ্গে গোমাতা হত্যা ও সুরক্ষার প্রসঙ্গে ১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’-এর উল্লেখ করে পুলিশকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। শুধু অনুপ্রবেশ ইস্যুই নয়, কোচবিহারের উন্নয়ন নিয়েও একগুচ্ছ পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জেলায় বিমানবন্দর, আধুনিক হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন শুভেন্দু।
বুধবার নিজের বক্তব্যে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান শুভেন্দু। এসপি-কে উদ্দেশ করে তাঁর বার্তা, “এসপি শুনুন, এই জেলাতে বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে বের করতে হবে, তাড়াতে হবে। আর যারা ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য এসেছেন, হিন্দুরা, তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, তাদেরকে আশ্রয় দিতে হবে।”
সীমান্ত সুরক্ষা নিয়ে তাঁর দাবি, বিএসএফ-এর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি জানান, জমি দেওয়া হয়ে গিয়েছে এবং যেটুকু বেড়া বাকি ছিল, সেই ফেন্সিং সম্পূর্ণ হবে। সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা থেকে শুরু করে গাঁজা চাষ, জাল নোট, ফেনসিডিল ও মাদক পাচার, সব বন্ধ করার কথাও বলেন তিনি। পাশাপাশি মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, কোনও দিদি, বোন বা কন্যার দিকে কেউ আঙুল তুললে সেই আঙুল ভেঙে দিতে হবে। অতীতের প্রসঙ্গ টেনে খাগড়াবাড়িতে তাঁর গাড়িতে পেট্রোল ঢালার ঘটনার কথা মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “ছবিগুলো আমার গোছানো আছে। উন্নয়ন হবে, হিসাবও হবে।”
‘জয় নিতাই’, ‘মদন মোহন জিউ কি জয়’, ‘সনাতন ধর্ম কি জয়’, ‘গোমাতা কি জয়’ ও ‘গঙ্গা মাতা কি জয়’ ধ্বনির মাঝে গোমাতা প্রসঙ্গে কড়া বার্তা দেন শুভেন্দু। পুলিশকে স্পষ্ট ভাষায় তিনি জানান, ১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’ মেনে চলতে হবে এবং গোমাতার ওপর যেন কোনওভাবেই হাত না ওঠে।
কোচবিহারকে নগরায়নের মধ্য দিয়ে মহানগরে রূপান্তরিত করার লক্ষ্য ঘোষণা করেন তিনি। উড়ান প্রকল্পে কোচবিহার বিমানবন্দরের কাজ সম্পূর্ণ করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান। দুই মাস আগে কোচবিহার সফরে এসে হাসপাতালের পরিষেবার বেহাল দশা দেখেছিলেন বলে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, শুধু বিমানবন্দর নয়, কোচবিহারবাসীকে আধুনিক, পূর্ণাঙ্গ, সম্পূর্ণ ও সব সুবিধাযুক্ত স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো দেওয়া হবে। এই লক্ষ্যে জমি সংগ্রহের কাজ শুরু করার নির্দেশ জেলাশাসককে দিয়েছেন বলেও জানান।
উন্নয়নের রূপরেখায় আরও কালচারাল সেন্টার এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলেন তিনি। সিতাই ব্লকের মতো যেসব বিধানসভায় এখনও কলেজ নেই, সেখানে কলেজ তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি। ঠাকুর পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অসম্পূর্ণ পরিকাঠামো, অধ্যাপক ও শিক্ষাকর্মীর অভাব এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা পূর্ণ করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
রাজবংশী থেকে নমঃশূদ্র, কোচবিহারের মূলবাসী ও সমস্ত রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিকের ভাষা, সামাজিক ন্যায়, রাজনৈতিক মর্যাদা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানান শুভেন্দু। পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়া বেকার যুবকদের ঘরে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ, বাড়িতে সূর্য ঘরে সোলার আলো, মায়েদের অন্নপূর্ণা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়ার কথা বলেন।
রাজবাড়ির আমলের ২৯টি মন্দির-সহ রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন, গৌড়ীয় মঠ, রাজবংশী সমাজের আস্থার জায়গা এবং মতুয়া সমাজের হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের আস্থার জায়গাগুলিকে নতুন করে ও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে সাজিয়ে তোলার কথা বলেন তিনি। উপস্থিত বিধায়কদের দায়িত্ব দিয়ে জানান, যোগ্য মহিলারা যেন অন্নপূর্ণা যোজনা পান, যাঁদের মাথার ছাদ নেই তাঁদের নাম যেন প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে ওঠে এবং আগামী জানুয়ারি মাস থেকে বেকার শিক্ষিত যুবক-যুবতীদের জন্য যে ‘ভরসা’ স্কিম আসছে, তাতে যেন কোচবিহারের যোগ্য প্রার্থীরা অন্তর্ভুক্ত হন, তা নিশ্চিত করতে হবে।
