Rahul Gandhi’s assets | ইডি-সিবিআইয়ের তদন্তের মুখে পড়তে হচ্ছে না রাহুলকে? সুপ্রিম কোর্টের রায়ে বড় স্বস্তি

Rahul Gandhi
Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত মামলায় ফের বড়সড় স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে ইডি বা সিবিআই তদন্তের কোনও নির্দেশ দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মামলাটির শুনানি নতুন করে করতে হবে এলাহাবাদ হাই কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণে আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর বিরুদ্ধে আয়ের অধিক সম্পত্তির অভিযোগ তুলে মামলা করেছিলেন কর্নাটকের বিজেপি কর্মী বিঘ্নেশ শিশির। তাঁর মামলাটি ছিল এলাহাবাদ হাই কোর্টে। ওই মামলায় এলাহাবাদ হাই কোর্ট সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ যাচাই করে দেখার জন্য সিবিআই ও ইডিকে নির্দেশ দিয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান লোকসভার বিরোধী দলনেতা। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল।

শীর্ষ আদালত মামলাকারীর মুল অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে শুনানির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সুপ্রিম কোর্ট বলছে, “রাহুলকে এই মামলার একটি পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। মামলাটি আবার হাই কোর্টে ফেরত পাঠানো হবে। একদম শুরু থেকে মামলার শুনানি হবে।” আদালত বলছে, এই মামলায় অভিযুক্তের (রাহুল গান্ধীর) মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই রায়। রাহুলের দাবি ছিল, তার বক্তব্য না শুনেই ওই রায় দিয়েছিল এলাহাবাদ হাই কোর্ট। পালটা মামলাকারী দাবি করেছিলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে কোনও এফআইআর হয়নি। শুধু তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে তাঁর মতামত জানানোর কোনও মৌলিক অধিকার নেই। শেষমেশ শীর্ষ আদালত বলল, নতুন ফৌজদারি আইন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী, অভিযুক্তের বক্তব্য জানানোর পরিসর আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির বিস্তারিত হিসাব দিয়েছিলেন রাহুল গান্ধী। সেই তথ্য অনুযায়ী, কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বর্তমান লোকসভার বিরোধী দলনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। এর মধ্যে স্থাবর সম্পত্তির মূল্য প্রায় ১১.১৪ কোটি টাকা এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ ৯.২৪ কোটি টাকা। স্থাবর সম্পত্তির তালিকায় দিল্লিতে একটি অফিস এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যৌথ মালিকানায় থাকা কৃষিজমির উল্লেখ রয়েছে। অন্যদিকে, তাঁর প্রায় ৫০ লক্ষ টাকার ঋণও রয়েছে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে শেয়ার বাজারে প্রায় ৪.৩ কোটি টাকা এবং মিউচুয়াল ফান্ডে ৩.৮১ কোটি টাকা বিনিয়োগের তথ্য হলফনামায় উল্লেখ করেছিলেন রাহুল। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা অর্থের পরিমাণও উল্লেখ করা হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…