WB HS 3rd Semester Result | উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান কবে? ফলপ্রকাশ নিয়ে নতুন বিজ্ঞপ্তি

WB HS 3rd Semester Result
WB HS 3rd Semester Result

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৭ নভেম্বর প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফল। ওইদিন দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন সংসদ কর্তৃপক্ষ। এরপর বিকেল ৩টে থেকেই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে প্রাপ্ত নম্বর। একই দিনে প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলও। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৪ অক্টোবর পর্যন্ত চলেছিল তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। তাতে অংশ নিয়েছিলেন মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী।

বলে রাখা ভালো, একসময় একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হত। পরবর্তীকালে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের উপর নির্ভর করে নেওয়া হত উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে বিগত তৃণমূল সরকারের আমলে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে বদল করা হয়। চালু হয় সেমেস্টার প্রথা। সেই অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট চারটি পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের। শিক্ষকদের দাবি, এই সেমেস্টার প্রথার ফলে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। তাদের সার্বিক উন্নতিও নাকি বিশেষ হচ্ছে না বলেই দাবি। সে কারণেই সরকারের পালাবদলের পর সেমেস্টার প্রথায় বদলের ভাবনাচিন্তা চলছে।

এরই মধ্যে উচ্চমাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী দীপক বর্মন সম্প্রতি জানিয়েছেন, এই পদ্ধতিতে পড়ুয়ারা আদৌ কতটা উপকৃত হচ্ছে, তা নিয়ে শিক্ষকদের একাংশের মধ্যে প্রশ্ন রয়েছে। তাঁর কথায়, বহু শিক্ষক সেমেস্টার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে তাঁদের মতামত জানিয়েছেন। বিষয়টি তাই পর্যালোচনার পর্যায়ে রাখা হয়েছে। সূত্রের খবর, সেমেস্টার প্রথায় বদল আনার দাবিও ইতিমধ্যে বিকাশ ভবনে জমা পড়েছে। এই আবহে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও সেমেস্টার পদ্ধতি তুলে দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…