
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেলেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারত-সহ ১৬টি দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মহলে। ট্রাম্পের এই পদক্ষেপের প্রেক্ষিতে পাল্টা অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। শুধু তাই নয়, ভারত প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদন করে বলে ওয়াশিংটনের তরফে যে দাবি করা হয়েছে, তাও সরাসরি খারিজ করে দিয়েছে মোদি সরকার। ফলে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।
বুধবার রাতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ‘নোটিস অফ ডিটারমিনেশন’ জারি করেছে। পাশাপাশি, তারা মতামতও জানতে চেয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে নয়াদিল্লি অবগত। বুধবার ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। একইসঙ্গে দাবি করেছে, ভারত-সহ বেশ কয়েকটি দেশের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদনের পরিকাঠামো রয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। শুধু তাই নয়, নয়াদিল্লি স্পষ্ট করেছে, কোনও খাতেই ভারতের কোনও অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই।
চলতি বছর বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় দেশটির বাণিজ্য প্রতিনিধিরা বিশেষ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। যাদের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সূত্রের দাবি, যে দেশগুলি ভর্তুকি ও অন্যান্য সরকারি সাহায্য দিয়ে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে চাঙ্গা করছে (যেখানে বিদেশি বিনিয়োগও রয়েছে), মূলত তাদের উপরই ক্ষুদ্ধ ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় রয়েছে – ভারত, চিন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশ। এই দেশগুলির অভ্যন্তরীণ শিল্প ক্ষেত্রে ভর্তুকি-সরকারি সাহায্য নিয়েই কয়েক মাসব্যাপী তদন্ত চালায় মার্কিন প্রশাসন। বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর সেই তদন্তের ফলাফল প্রকাশিত হয়েছে। তারপরই দেশগুলির উপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।
ওয়াশিংটনের অভিযোগ, বিদেশি উৎপাদকদের সরকারি ভর্তুকি দেওয়ার ফলে তারা মার্কিন সংস্থাগুলির তুলনায় কম খরচে পণ্য তৈরি করতে পারছে। সেই সস্তার পণ্য আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে আমেরিকার সংস্থাগুলি। এই যুক্তিতেই শুল্ক চাপানোর পক্ষে সওয়াল করছে ট্রাম্প প্রশাসন। যদিও মার্কিন সরকারের এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে। আলোচনা ইতিবাচক দিকে এগোলেও চূড়ান্ত সমঝোতা এখনও অধরা। এরই মধ্যে মার্কিন প্রশাসনের ইঙ্গিত, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন হলে প্রস্তাবিত শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে। ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
