
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : রাজ্যে তোলাবাজি বা সিন্ডিকেটরাজের কোনও অস্তিত্ব নেই। বরং শিল্পের প্রসারে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে বিনিয়োগবান্ধব পরিবেশ। দিল্লিতে দাঁড়িয়ে এমনই দাবি করলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতি এবং ইতিবাচক পরিবেশের জেরেই পশ্চিমবঙ্গে প্রায় ৩৪ হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছে। শিল্পপতি থেকে শুরু করে বিনিয়োগকারীদের কাছে বাংলা ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে বলেও দাবি করেন তিনি।
মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, “আগের সরকারের আমলে কোনও শিল্প ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে দলের নেতারা পৌঁছে যেতেন। তবে এখন ৬টি বড় শিল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তারা আজকের দিনে ভালভাবে কাজ শুরু হয়েছে। ফলে, এখন কোনও তোলাবাজি, সিন্ডিকেটের চিহ্ন নেই।” দিল্লিতে আইআইটিএফের মঞ্চে এই মন্তব্য করেছেন তিনি। যদিও সপ্তাহখানেক আগে এই মঞ্চ থেকেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তোলাবাজির অভিযোগ স্বীকার করেন। এমনকী, তার কয়েকদিন পর রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ও দিল্লিতে এসে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ স্বীকার করেন। এহেন পরিস্থিতিতে এদিনে মন্ত্রীর বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই সিন্ডিকেটরাজ ও তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থানের কথা বারবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সুরে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছে দল। ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগে গত কয়েক মাসে একাধিক বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি কয়েকজনকে দল থেকেও সাসপেন্ড করা হয়েছে। তা সত্ত্বেও রাজ্যে তোলাবাজির অভিযোগ থেকে পুরোপুরি রেহাই মিলছে না বঙ্গ বিজেপি নেতৃত্বের।
