
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : উত্তর প্রদেশের বারাণসীতে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘কাশী তামিল সঙ্গমম'-এর পঞ্চম সংস্করণ, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। এবারের অনুষ্ঠানের মূল থিম বা বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে— ‘তিরুক্কুরাল পায়িলভম – তিরুক্কুরাল অভ্যাস করেন’-, যার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের মধ্যে ধ্রুপদী তামিল নীতিশাস্ত্র ‘তিরুক্কুরাল’-এর কালজয়ী শিক্ষার প্রসার ঘটানো হবে।
আগামী ২৮ নভেম্বর উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ এই পঞ্চম সংস্করণের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং ১২ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই কর্মসূচির অংশ হিসেবে তামিলনাড়ু থেকে প্রায় ১,৪০০ জন প্রতিনিধি বারাণসী, প্রয়াগরাজ এবং অযোধ্যা সফর করবেন। এই প্রতিনিধিদের প্রায় ২০০ জন করে মোট সাতটি দলে বিভক্ত করা হয়েছে। ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে অনুষ্ঠিত কাশী তামিল সঙ্গমমের প্রথম চারটি সংস্করণ তামিলনাড়ু এবং কাশীর মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে গিয়ে পঞ্চম সংস্করণের লক্ষ্য হলো দুই অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করা এবং অভিন্ন ঐতিহ্যকে উদযাপন করা।
উল্লেখ্য, ‘তিরুক্কুরাল’ হলো নৈতিকতা ও সদাচরণের এক প্রাচীন ও ধ্রুপদী তামিল গ্রন্থ। ‘কাশী তামিল সঙ্গমম ৫.০’-এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো দেশের যুবসমাজ ও শিক্ষার্থীদের কাছে তিরুক্কুরালের নৈতিক ও আদর্শগত প্রজ্ঞাকে পৌঁছে দেওয়া, যাতে শিক্ষামূলক কার্যক্রম ও বহুভাষিক সম্পদের মাধ্যমে তাঁরা দৈনন্দিন জীবনে এই গ্রন্থের মূল্যবোধগুলি পাঠ, উপলব্ধি ও প্রয়োগ করতে পারেন।
