Cairo truck accident | কায়রোয় ট্রাক উল্টে বিস্ফোরণ ও আগুন; মৃত অন্তত ৩১, জখম ২১ জন

Cairo truck accident
Cairo truck accident

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে (গ্রেটার কায়রো) এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও ২১ জন। বুধবার গিজা গভর্নরেটের ঘনবসতিপূর্ণ শ্রমজীবী অধ্যুষিত আল-ওয়ারাক এলাকায় রিং রোডের ওপর পেট্রোলিয়ামজাত পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর তাতে ভয়াবহ আগুন ধরে গেলে এই মর্মান্তিক বিপর্যয় ঘটে। সাম্প্রতিক বছরগুলিতে মিশরের অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা হিসেবে এটিকে দেখা হচ্ছে।

মিশরের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মধ্য কায়রোর পশ্চিমে এবং ইমবাবার উত্তরে আল-ওয়ারাক জেলায় রিং রোডের একটি সুড়ঙ্গের ঠিক ওপরে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ট্রাকটির চালক স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কংক্রিটের ব্যারিয়ারে সজোরে ধাক্কা মারে। এর পরেই বিকট বিস্ফোরণ ঘটে এবং ট্রাকটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের যানবাহনে ছড়িয়ে পড়ে, যার জেরে প্রায় ২৭টি গাড়ি ও মোটরসাইকেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। আহত ২১ জনকে উদ্ধার করে স্থানীয় তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার নিকটবর্তী হাসপাতালগুলিকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন। এছাড়াও, অগ্নিদগ্ধ বহু দেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় সেগুলির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছে প্রশাসন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করে আহতদের সবরকম চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…