
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির রাসায়নিক বোঝাই একটি রহস্যময় জাহাজ আটক করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী। জানা গিয়েছে, চিনের লিয়াংগুয়াং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। তবে মাঝসমুদ্রে জাহাজটির সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সেটিকে আটক করার সিদ্ধান্ত নেয় ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এরপর জাহাজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিকের সন্ধান পান তদন্তকারীরা। জাহাজটি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। উল্লেখযোগ্যভাবে, রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত জ্বালানি প্রস্তুতের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই রাসায়নিক। শুধু রাসায়নিকই নয়, জাহাজটিতে বিপুল সংখ্যক ৪জি সিম কার্ডও মজুত ছিল বলে জানা গিয়েছে। সব মিলিয়ে জাহাজটির গতিপথ, বিপুল রাসায়নিকের চালান এবং ৪জি সিম মজুত থাকার বিষয়টি ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।
এই প্রসঙ্গে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানান, দেশের উপকূলীয় জলসীমায় এমভি স্টার লাইন নামের একটি জাহাজকে আটক করা হয়েছে। চিন থেকে সেটি আসছিল। সেনাকর্তার কথায়, জাহাজটিতে মোট ৩৬টি কন্টেনার রাখা ছিল। তার মধ্যে ১৫ টিতেই সোডিয়াম পারক্লোরেট মজুত করা ছিল। শুধু তাই নয়, লক্ষ লক্ষ মোবাইলে ব্যবহৃত ৪ জি সিম কার্ডও উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা। কিন্তু বাংলাদেশে বিপুল এই সরঞ্জাম কেন পাঠানো হচ্ছিল তা স্পষ্ট নয়। পিছনে বড়সড় নাশকতার ষড়যন্ত্র? এই ঘটনা সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ২০০৪ সালের চট্টগ্রাম অস্ত্র উদ্ধারকাণ্ড। সেই সময় চট্টগ্রাম বন্দর থেকে চিনা অস্ত্রবোঝাই ১০টি ট্রাক আটক করা হয়েছিল। তখন বাংলাদেশের ক্ষমতায় ছিল বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। শুরু হয় তদন্ত। পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জঙ্গি সংগঠনের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই ওই অস্ত্রের চালান বাংলাদেশে আনা হয়েছিল। চিন থেকে বাংলাদেশ হয়ে জঙ্গিদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়াই ছিল মূল পরিকল্পনা বলে জানা যায়।
বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তাঁর শাসনকালে চিন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা নতুন করে আলোচনায় এসেছে। পাশাপাশি বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার বিষয়টিও নজরে রাখছে নয়াদিল্লি। এই আবহে বাংলাদেশের দিকে আসা বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির রাসায়নিক বোঝাই জাহাজ ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে আটক হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে ভারতের। প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কূটনৈতিক স্তরে যোগাযোগ করে গোটা ঘটনা সম্পর্কে ইন্দোনেশিয়ার কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে নয়াদিল্লি। জাহাজটির চালান, গন্তব্য এবং এর পিছনে কোনও বৃহত্তর উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে ভারত।
