
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে ফের নতুন করে উত্তেজনা ছড়াল শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে। আগামী ১৬ ডিসেম্বর, ঐতিহাসিক বিজয় দিবসের দিনই স্বদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এই প্রথমবার দেশে ফেরার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করলেন মুজিবকন্যা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি জানিয়েছেন, বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখেই এই দিনটিকে প্রত্যাবর্তনের জন্য বেছে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তারেক রহমানের সরকারের কাছে বাংলাদেশ বিমানবাহিনীর নয়, বরং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ উড়ান চেয়েছেন তিনি। একইসঙ্গে হাসিনার দাবি, তাঁকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব বর্তমান সরকারেরও। তবে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে নিজেদের অবস্থানে অনড় তারেক রহমানের সরকার। ফলে ১৬ ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তুঙ্গে।
সংবাদ সংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র মোজাম্মেল আলি জানিয়েছেন, ‘‘গত ২০২৪ সালের ৫ আগস্ট, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বিমানে ঢাকা থেকে দিল্লি পৌঁছেছিলেন শেখ হাসিনা। এখন তিনি দিল্লি থেকে ঢাকা ফেরার জন্য দেশের সরকারকে ব্যবস্থা করতে বলছেন। নির্বাসনে পাঠানোর পর সংবিধান ও পরিস্থিতি অনুযায়ী, নতুন সরকারেরই দায়িত্ব তাঁকে দেশে ফেরানো। ১৬ ডিসেম্বর, দেশের বিজয় দিবসে তিনি ফিরতে চান।” জানা যাচ্ছে, দিল্লি থেকে ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ান চেয়েছেন হাসিনা।
তবে তারেক রহমান সরকার আগেই জানিয়েছে, তারা ফেরালে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হিসেবে ফেরাবে পদচ্যুত প্রধানমন্ত্রীকে, কোনও ‘অতিথি’ হিসেবে নয়। এদিকে, হাসিনা নিজের ফেরার দায়িত্ব যেভাবে সরকারের উপর চাপাতে চাইছেন, তাতে তাঁরই বিপদ বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের। কারণ, সেক্ষেত্রে হাসিনা ঢাকায় নামামাত্র গ্রেপ্তার হতে পারেন। ফাঁসির সাজা কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে। ভারত থেকে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী, এমন সম্ভাবনাও একসময় সামনে এসেছিল। সম্প্রতি দিল্লিতে থাকা আওয়ামি লিগের নেতাদের বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্ত এবং ত্রিপুরার আখাউড়া সীমান্ত পরিদর্শন সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে। কোন সীমান্ত দিয়ে দেশে ফিরলে নিরাপত্তার ঝুঁকি তুলনামূলক কম থাকবে, তা নিয়ে আওয়ামি লিগের নেতারা আগাম পর্যালোচনা চালিয়েছেন বলেও খবর। এমনকী হাসিনার প্রত্যাবর্তনের পথ প্রস্তুত করতে বাংলাদেশে অশান্তি ও বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে। তবে সড়কপথে নয়, বিজয় দিবসের মতো ঐতিহাসিক দিনে নিজ দেশের জাতীয় বিমান সংস্থার উড়ানেই ঢাকায় ফিরতে আগ্রহী শেখ হাসিনা।
