
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : দক্ষিণ দিনাজপুরের হিলিতে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন। বুধবার একযোগে তৃণমূল ছেড়ে এনসিপিআইয়ে যোগ দিলেন হিলি পঞ্চায়েত সমিতির ৮ জন সদস্য। এই দলবদলের জেরে পঞ্চায়েত সমিতির বোর্ডের দখলও এনসিপিআইয়ের হাতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দলত্যাগী সদস্যদের দাবি, তৃণমূলে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করতে না পারার হতাশা থেকেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তাঁদের এই পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন করে চর্চা শুরু হয়েছে।
গত পঞ্চায়েত নির্বাচনে হিলি পঞ্চায়েত সমিতির ১৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১১টি, বিজেপি ২ এবং বামেরা ১ আসন পেয়েছিলো। সম্প্রতি রাজ্যে পালাবদলের পরেই এই পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মণ্ডল এবং প্রাক্তন সহকারী-সভাপতি তাপস বর্মন-সহ আটজন তৃণমূল সদস্য পদত্যাগ করেছিলেন। তারাই এদিন এনসিপিআই এর পতাকা হাতে তুলে নেন। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন দেখা দিয়েছে। প্রাক্তন সহকারী সভাপতি তাপস বর্মন বলেন, আমরা মমতাপন্থী তৃণমূলে ছিলাম। কিন্ত বর্তমান পরিস্থিতিতে কাজ করতে পারছিলাম না। আমরা কাজ করতে চাই। সে কারণে এই দলবদল। আশা করি এই দলবদলের মাধ্যমে কাজ করার সুযোগ পাব।
এর আগে বসিরহাটের একাধিক নেতা যোগ দিয়েছেন এই দলে। সম্প্রতি মিনাখাঁ বিধানসভার অন্তর্গত মিনাখাঁ পঞ্চায়েত সমিতির বেশ কিছু তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করেন। একইভাবে সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির ২৬ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে ১৯ জন যোগ দিয়েছেন এনসিপিআইতে। একই ছবি সন্দেশখালি দুই নম্বর পঞ্চায়েত সমিতিতেও। ২৪ জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির মধ্যে এনসিপিআইতে যোগ দিয়েছেন ১৭ জন সদস্য। খুলনা গ্রাম পঞ্চায়েতের ১৭ জন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মধ্যে ১১ জন দল ছেড়ে দেন। শুধু তাই নয়, বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত, দুর্গা মণ্ডপ গ্রাম পঞ্চায়েত, কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতের বহু সদস্যই গত কয়েকদিন এনসিপিআইতে যোগ দিয়েছেন। বসিরহাট, সন্দেশখালি এলাকায় কালীঘাট তৃণমূলের বিপুল ধসে উচ্ছ্বসিত এনসিপিআই। উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই তৃণমূল একাধিক ভাগে বিভক্ত। একদিকে কালীঘাট তৃণমূল অন্যদিকে ঋতপন্থীরা। এর পাশাপাশি এনসিপিআইতে যোগ দেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক সাংসদ। শুধু তাই নয়, গত কয়েকমাসে মমতা তৃণমূলের হাতছাড়া হয়েছে একাধিক পুরসভা, পঞ্চায়েত। এত কিছুর মাঝে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে তৃণমূল নেতা-কর্মীদের যোগদান যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
