Kotshila sanctuary project |পর্যটনে নতুন দিশা পুরুলিয়ার, ১৫৮ কোটি টাকার প্রকল্পের ঘোষণা বনমন্ত্রীর

Forest Minister at Kotshila Sanctuary
Forest Minister at Kotshila Sanctuary

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :পুরুলিয়ার পর্যটন মানচিত্রে নতুন পালক যুক্ত হতে চলেছে। আগামী দু’-তিন মাসের মধ্যেই কাজ শুরু হতে চলেছে প্রস্তাবিত কোটশিলা অভয়ারণ্যের। পাঁচ বছরের এই প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১৫৮ কোটি টাকা। বুধবার ঝালদার রেঞ্জ কার্যালয়ে বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর প্রস্তাবিত অভয়ারণ্য এলাকা পরিদর্শন করেন বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ। সেখানেই তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে তাঁর পুরুলিয়া সফর। উল্লেখ্য, জঙ্গলমহলে এই প্রথম এমন অভয়ারণ্য গড়ে উঠতে চলেছে।

এদিন ঝালদা বনাঞ্চল কার্যালয়ে রাজ্যের বন বিভাগের মন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন বিভাগীয় রাষ্ট্রমন্ত্রী দিবাকর ঘরামি, বন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব মনীষ জৈন, রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিওয়াল, রাজ্যের প্রধান মুখ্য বনপাল ( বন্যপ্রাণ) রাজেশ কুমার সহ বিধায়করা। এদিনের বৈঠকের আগে বনমন্ত্রী ও আধিকারিকদের কাছে

পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ ও ঝালদা বনাঞ্চলের আধিকারিক দিগন্ত মাইতির তত্ত্বাবধানে প্রস্তাবিত অভয়ারণ্যের নানা দিক ছবি সহ তুলে ধরা হয়। তার ভিত্তিতেই এদিন বৈঠক করেন বনমন্ত্রী। কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ৩৬০৯.৩৯৬ হেক্টর জুড়ে এই অভয়ারণ্য গড়ে উঠবে। এই বিস্তীর্ণ এলাকার মধ্যে কোটশিলা বনাঞ্চলে রয়েছে ১৮২৬. ১৭৯ হেক্টর। এর মধ্যে মৌজার সংখ্যা রয়েছে ১০টি।

ঝালদা বনাঞ্চলের ১১টি মৌজা জুড়ে প্রায় ১,৭৮৩.২১৭ হেক্টর জমিতে গড়ে উঠবে প্রস্তাবিত কোটশিলা অভয়ারণ্য। জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই জঙ্গলে হানি ব্যাজার, শ্লথ ভালুক, চিতাবাঘ, বুনো হাতি, হায়না, নেকড়ে ও প্যাঙ্গোলিনের মতো বন্যপ্রাণের পাশাপাশি রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র বন্য বিড়াল ‘রাস্টি স্পটেড ক্যাট’। অভয়ারণ্য গড়ে তোলার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের স্বার্থও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বনমন্ত্রী। তাঁর আশ্বাস, প্রস্তাবিত এলাকার ১৩,৪৮২ জন বাসিন্দার কাউকেই উচ্ছেদ করা হবে না। তাঁদের বসতি অক্ষুণ্ণ রেখেই বন ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এই প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী ১৭-১৮ জানুয়ারি ফের পুরুলিয়া সফরে আসার কথাও জানিয়েছেন মন্ত্রী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…