Durgapur |মদের দোকান দেখলেই মার! বিধায়কের মন্তব্যে নতুন করে বিতর্কের ঝড়

Chandrashekhar Bandyopadhyay, MLA for Durgapur East
Chandrashekhar Bandyopadhyay, MLA for Durgapur East

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :এলাকায় মদের দোকান বা মাদক কারবারের সন্ধান পেলেই রুখে দাঁড়ানোর ডাক দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। মহিলাদের উদ্দেশে তাঁর নিদান, প্রয়োজনে ঝাঁটা হাতে নিয়ে প্রতিবাদ করুন, মার খাওয়ার অপেক্ষা না করে প্রতিরোধ গড়ে তুলুন। শুধু মাদক কারবারই নয়, দলের কোনও নেতা-কর্মী এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলেও তাঁদের রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি ব্লিচিং, গ্যামাক্সিন ও ফিনাইল দিয়ে দলের ভিতরের ‘আবর্জনা’ সাফ করার বার্তাও দিয়েছেন বিধায়ক। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

দুর্গাপুরের এমএমসিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিধায়ক একের পর এক হুঁশিয়ারি দেন। মহিলাদের উদ্দেশে তিনি বলেন, “অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে যাচ্ছে। আর সেই টাকা দিয়ে আপনাদের স্বামীরা মদ খাবে আর আপনাদের মারবে। তাই মার খাওয়ার আগে আপনারাই ঝাঁটা নিয়ে মারুন। মদের দোকান দেখলেই মারুন আমাকে ডাকবেন আমিও সঙ্গে যাব। এই কারবারের সঙ্গে যদি বিজেপির কোন কর্মী বা নেতা জড়িত থাকে তাঁর বিরুদ্ধে এফআইআর করুন।” তারপরেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তাঁর হুঁশিয়ারি, চার তারিখের পরে অনেকেই গেরুয়া উত্তরীয় পড়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ আবার মার্বেল মিস্ত্রির কাজ ছেড়ে দিয়েও বিজেপির নেতা হওয়ার চেষ্টা করছে। আবার অনেকে কার্ডের মধ্যে বিধায়কের নাম লিখে নিচে নিজের ফোন নম্বর দিয়ে টাকা চাইছে। যাঁরা এরকম করছেন তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার পরামর্শ দেন বিধায়ক।

বিধায়কের আরও হুঁশিয়ারি, বিজেপির নাম ভাঙিয়ে কেউ যদি সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অন্যদের দিকে আঙুল তোলার আগে দলের অভ্যন্তরেই শুদ্ধিকরণ জরুরি বলে মনে করেন তিনি। তাঁর কথায়, প্রথমে ব্লিচিং, গ্যামাক্সিন ও ফিনাইল দিয়ে দলের মধ্যে ঢুকে থাকা অসাধু ব্যক্তিদের চিহ্নিত করে বের করতে হবে। তারপরই অন্যদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে ভাবা উচিত। দলের ভিতরে স্বচ্ছতা বজায় রাখার প্রশ্নেই এই বার্তা দিয়েছেন বলে জানান বিধায়ক।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…