Nitin Gadkari & Suvendu Adhikari | ‘টাকার চিন্তা করবেন না, তহবিলের অভাব হবে না!’ বাংলার প্রকল্প নিয়ে শুভেন্দুকে বড় বার্তা নীতিন গড়করির

Nitin Gadkari &  Suvendu Adhikari
Nitin Gadkari & Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :বাংলার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে কেন্দ্রের কাছে একগুচ্ছ নতুন প্রকল্পের প্রস্তাব পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির উপস্থিতিতে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে একাধিক সড়ক ও সেতু নির্মাণের দাবি জানান তিনি। পাল্টা বাংলার উন্নয়নে বড়সড় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন গড়করি। তাঁর স্পষ্ট বার্তা, রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে অর্থের কোনও অভাব হতে দেওয়া হবে না।

পশ্চিমবঙ্গের সার্বিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল কোলাঘাটে। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪২ সালে দেশে গঠিত তিনটি জাতীয় সরকারের মধ্যে অন্যতম ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার— যেখানে সতীশ সামন্তের নেতৃত্বে ২২ মাস জাতীয় সরকার চলেছিল এবং ২৯ সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান দিয়েছিলেন। রাজমার্গে ফাইটার জেট ও রাফাল নামানোর মতো সাফল্যের কথা তুলে ধরে গড়করিকে ‘বিকাশ পুরুষ’ আখ্যা দেন শুভেন্দু।


মুখ্যমন্ত্রী জানান, গড়করির হাত ধরে শিলান্যাস, উদ্বোধন ও সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ কেন্দ্রের কাছ থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্প পাচ্ছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামে নরঘাট সেতুর আরেকটি সেতু এবং উত্তরবঙ্গের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য ফরাক্কার দ্বিতীয় সেতু জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। শুভেন্দুর মতে, ফরাক্কার দ্বিতীয় সেতু উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনে বড় গতি আনবে। তিনি জানান, গত ছ’মাসে এনএইচ (জাতীয় সড়ক)-এর পেন্ডিং থাকা এনওসি ও জমি জট মিটিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয় জোরদার করা হয়েছে।

রাজ্যের মানুষের স্বার্থে একাধিক নতুন প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আর্জি জানান শুভেন্দু। সেই তালিকায় রয়েছে:

৭৫ কিলোমিটার দীর্ঘ কলকাতা-বনগাঁ-পেট্রাপোল নতুন রাজমার্গ (এনএইচ ৩৫)-এর সম্প্রসারণ।

হুগলি নদীর ওপর ফলতা ও বাগনান সংযোগকারী সেতু।

৩৫ কিলোমিটার দীর্ঘ এনএইচ ১১৭-এর অ্যালাইনমেন্ট ও সম্প্রসারণ।

কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর সংযোগ এবং জোকা থেকে নামখানা ও নন্দকুমার থেকে দিঘা চার লেনের সড়ক।

সুন্দরবনের জন্য একাধিক সেতু, গোসাবা সেতু, গোসাবা থেকে বনগাঁ সংযোগকারী রাজমার্গ, দার্জিলিং থেকে শিলিগুড়ি রাজমার্গ এবং শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত রাজমার্গের কাজ সম্পূর্ণ করা।

জামশেদপুর থেকে পানাগড় হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী ও মুকুটমণিপুর হয়ে দামোদর সেতু পর্যন্ত বিকল্প সড়ক, যা দুর্গাপুর ও জামশেদপুর শিল্পশহরকে যুক্ত করবে এবং মুকুটমণিপুর-সহ পর্যটনকেন্দ্র ও বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েকে দুর্গাপুরের সঙ্গে জুড়ে বাণিজ্যিক দিক থেকে লাভজনক করে তুলবে।

শুভেন্দু বলেন, রাজ্যের নতুন সরকারকে সাহায্য করতে হবে, জমি রাজ্য সরকার দেবে। আগে বিরোধী দলনেতা থাকাকালীন গড়করি তাঁকে যে ভাবে পথ দেখিয়েছেন, এ বারও ঠিক সে ভাবেই বাংলাকে সমর্থন করার অনুরোধ জানান তিনি।

উপস্থিত সকলকে বাংলায় সম্ভাষণ জানিয়ে বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী। স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ও কর্মভূমি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে গড়করি বলেন, “আজ বাংলায় আবার ডবল ইঞ্জিন এসেছে। এক দিকে মোদীজি, অন্য দিকে শুভেন্দু অধিকারী। এই ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন এমন গতিতে ছুটবে যে বাংলাকে সমৃদ্ধ ও সম্পন্ন করে উন্নয়নের লক্ষ্য পূরণ করবে।”

পরিকাঠামোর সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে গড়করি জানান, জল, বিদ্যুৎ, পরিবহণ ও যোগাযোগ, এই চারটি স্তম্ভ শক্তিশালী হলে শিল্প, ব্যবসা, কৃষি, গ্রামীণ উন্নয়ন, লগ্নি ও কর্মসংস্থান বাড়ে এবং দারিদ্র্য দূর হয়। মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে তিনি বলেন, “চিন্তা করবেন না। মহাভারতে দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোনও অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হব না।”

মহারাষ্ট্রে ১৯৯৫-২০০০ সালে মন্ত্রী থাকার সময় ৫৫টি উড়ালপুল, ওড়লি-বান্দ্রা সি লিঙ্ক ও মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পে বাজার থেকে তহবিল জোগাড়ের অভিজ্ঞতা তুলে ধরেন গড়করি। তাঁর দাবি, মুম্বই স্টক এক্সচেঞ্জে গেলে সাত দিনে নয়, সাত ঘণ্টায় কোটি কোটি টাকার সংস্থান হয়।


এছাড়া ২২টি সড়ক প্রকল্পের শিলান্যাস করেন কেন্দ্রীয় মন্ত্রী। সেগুলি হল:

কলকাতা- বারাণসী এক্সপ্রেসওয়েতে জুড়বে দুর্গাপুরে।

কলকাতায় ১৪ হাজার কোটি টাকা খরচে রিং রোড। ২৫০ কিলোমিটার পথে জুড়বে কোনা, বেলঘরিয়া, কল্যাণী – কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।

শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার রিং রোড। নেপাল, ভুটান, বাংলাদেশের সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে।

হুগলি নদীতে টুইন টানেল বন্দর এলাকায় ২৪ ঘণ্টা মালবাহী গাড়ি যাতায়াতের বন্দোবস্ত।

জোকা-নামখানা ৪ লেনের রাস্তা ও হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু।

রামনগর বাইপাস-সহ চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি-র সম্প্রসারণ। বরাদ্দ ৮১২.৫০ কোটি টাকা।

ঠাকুরনগর-নাচিন্দা ১১৬ বি জাতীয় সড়কের সম্প্রসারণ। বরাদ্দ ৪৬৯.৩৫ কোটি টাকা।

নামখানা-বকখালি ১২ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ। বরাদ্দ ২৩৭.৩৭ কোটি টাকা।

ভীমগড়-মল্লারপুর ১৪ নম্বর জাতীয় সড়ক। বরাদ্দ ২৫৭ কোটি টাকা।

মল্লারপুর-নলহাটি ১৪ নম্বর জাতীয় সড়ক। বরাদ্দ ১০০.২৯ কোটি টাকা।

সুরুল-মল্লারপুর ১৪ নম্বর জাতীয় সড়ক। পুরন্দরপুর-রঙাইপুর ২ লেনের উন্নতি। বরাদ্দ ১৫১.৩২ কোটি টাকা।

১১৬ বি জাতীয় সড়কে নরঘাটে সেতু নির্মাণ। বরাদ্দ ২৩১.৭১ কোটি টাকা।

মন্তেশ্বর-দাঁইহাট সড়কের (মন্তেশ্বর-দাঁইহাট মোড় পর্যন্ত) সম্প্রসারণ। বরাদ্দ ১৫১.৯৯ কোটি টাকা।

বর্ধমান-কাটোয়া সড়কের সম্প্রসারণ। বরাদ্দ ১৭২.২৯ কোটি টাকা।

রঘুনাথপুর-চন্দনকিয়ারি-চাস সড়কের (গোয়াই নদী চেকপোস্ট পর্যন্ত) সম্প্রসারণ। বরাদ্দ ২৩৫.২৬ কোটি টাকা।

মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা সড়কের সংযুক্তিকরণ। বরাদ্দ ১৮৭.৩৩ কোটি টাকা।

বিষ্ণুপুর-বেলেঘাটা সড়কের (লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত) সেতু সম্প্রসারণ। বরাদ্দ ১৫৪.৮৩ কোটি টাকা।

এসটিকেকে সড়কের (বান্দেবাজ, গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত) সম্প্রসারণ। বরাদ্দ ২৯১.৬৪ কোটি টাকা।

জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত সড়ক সম্প্রসারণ। বরাদ্দ ২৩৫.২০ কোটি টাকা।

রঘুনাথপুর-চেলিয়ামা সড়কের (ট্রাফিক মোড় থেকে পাকুড়ি মোড় পর্যন্ত) সম্প্রসারণ। বরাদ্দ ১৮২.৭১ কোটি টাকা।

আরামবাগে দ্বারকেশ্বর নদীতে কালীপুর থেকে দৌলতপুর সংযোগকারী সেতু নির্মাণ। বরাদ্দ ৩৭৫.৭৮ কোটি টাকা।

বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর ২০টি ভেহিকুলার আন্ডারপাস নির্মাণ। বরাদ্দ ৭৬৭ কোটি টাকা।

বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলায় ২৫টি ভেহিকুলার আন্ডারপাস। বরাদ্দ ৬৯০ কোটি টাকা।

১৯ নম্বর জাতীয় সড়কে বরওয়াড্ডা-পানাগড় ১২টি ভেহিকুলার আন্ডারপাস। বরাদ্দ ২৭৭ কোটি টাকা।

১২ নম্বর জাতীয় সড়কে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নতি। বরাদ্দ ৭৮ কোটি টাকা।

আগামী ৫ বছরে বাংলার রাস্তা আমেরিকার মতো  উন্নত হবে বলেই আশা নীতীন গড়করির।

কেন্দ্রীয় মন্ত্রী বললেন, “রাস্তা ভালো হলে ব্যবসা বাড়বে, নতুন নতুন টাউনশিপ হবে। ফলে মূলধনী খাতে লগ্নি আসবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে, দূর হবে দরিদ্রতা। বাংলার ছবিটাই বদলে দেব। বাংলার বিকাশে যত টাকা লাগে তত দেব। আপনারা চাইতে চাইতে ক্লান্ত হবে যাবেন। বাংলার বুলেট ট্রেনকে আরও জোরে ছোটাবে ডবল ইঞ্জিন সরকার।”

বাংলাকে কেন্দ্র করে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরলেন নীতীন। বললেন, “রাস্তা ভালো হলে ব্যবসা বাড়বে, নতুন নতুন টাউনশিপ হবে। ফলে মূলধনী খাতে লগ্নি আসবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হবে, দূর হবে দরিদ্রতা। বাংলার ছবিটাই বদলে দেব।” গঙ্গাসাগর, নামখানা, বীরভূম, ফরাক্কা, বহরমপুর থেকে শুরু করে শিলিগুড়ি, গোটা বাংলাকে মাকড়সার জালের মতো করে সড়ক পথে জুড়ে দেওয়ার কথা বলেন তিনি। এদিন নীতীন গড়কড়ি বলেন, “বাংলার বিকাশে যত টাকা লাগে তত দেব।” পৌরাণিক সেই ‘অক্ষয় পাত্রে’র কথা উল্লেখ করে মন্ত্রী বললেন, আপনারা চাইতে চাইতে ক্লান্ত হবে যাবেন। অর্থাৎ তাঁর ভাঁড়ার ফুরোবে না। বাংলার বুলেট ট্রেনকে আরও জোরে ছোটানোর আশ্বাস নিলেন তিনি।  


কিন্তু স্রেফ ডবল ইঞ্জিন সরকার হওয়ার কারণেই কী বাংলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা? বিশেষজ্ঞদের দাবি, এর সঙ্গে জড়িয়ে নির্বাচন। কারণ, হাতে মাত্র ৩ বছর। ২০২৯ সালে লোকসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে আগেই শোনা গিয়েছিল ৪২ এ ৪২। অর্থাৎ লোকসভার সবকটি আসন পাবে বিজেপি। কিন্তু এই মুহূর্তে বিজেপিকে প্রতিহত করতে এসআইআর-সহ বেশ কয়েকটি ইস্যুকে কাজে লাগানোর চেষ্টা করছে বিরোধিরা। সেই সঙ্গে রয়েছে ককরোচরা। তাই ওয়াকিবহল মহলের মতে, আজ কোলাঘাট থেকেই কার্যত নির্বাচনের সুর বেঁধে দিলেন নীতীন গড়কড়ি। ২০২৯-এর লক্ষ্যেই বাংলাকে ঢেলে সাজানোর পরিকল্পনা বিজেপির। কারণ, ভারতীয় জনতা পার্টি যে দূরদর্শী দল, তা বলার অপেক্ষা রাখে না। বরাবরই লক্ষ্য স্থির করে সময় নিয়ে রণনীতি তৈরি করে ময়দানে নামেন তাঁরা। ফলে কেন্দ্রীয় মন্ত্রীর এই দুহাত ভরা উপহারের নেপথ্যে ‘মিশন ৪২’ বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। 

১৩ বছর ধরে এই দফতরের মন্ত্রী থাকার অভিজ্ঞতা তুলে ধরে গড়করি বলেন, “আমি সেই সব নেতার মতো নই যাঁরা ঘোষণা করে চলে যান। যা বলব, তা ডঙ্কা পিটিয়ে করে দেখাব।” সাহিত্য, কবিতা, শিল্প ও সংস্কৃতিতে বাংলা ও মহারাষ্ট্রের অবদানের কথা উল্লেখ করে তিনি স্বামী বিবেকানন্দের কথিত শতাব্দীর প্রসঙ্গ টানেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার স্বপ্নের কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট কেনেডির উক্তি উদ্ধৃত করে গড়করি জানান, আমেরিকা ধনী বলে রাস্তা ভাল নয়, বরং রাস্তা ভাল বলেই আমেরিকা ধনী। এবং পশ্চিমবঙ্গের জাতীয় মহাসড়কগুলিকেও আমেরিকার মানের করে তোলার কথা বলেন তিনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…