Brad Pitt and Angelina Jolie | দীর্ঘদিনের আইনি সংঘাতের অবসান? প্রাক্তন দম্পতি পিট-জোলির বড় সিদ্ধান্ত

Brad Pitt and Angelina Jolie
Brad Pitt and Angelina Jolie

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিনের তিক্ততা, বিবাহবিচ্ছেদ এবং সম্পত্তি নিয়ে আইনি সংঘাত। অবশেষে সব বিতর্কের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে ইতি টানলেন হলিউডের প্রাক্তন তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ফ্রান্সের বিখ্যাত ওয়াইনারি ‘শ্যাতো মিরাভাল’ (Château Miraval)-এর মালিকানা ও শেয়ার বিক্রি নিয়ে দীর্ঘ চার বছরের আইনি লড়াইয়ের পর আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন তাঁরা। বুধবার, ২৫ নভেম্বর দুই তারকার প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন। তবে সমঝোতার শর্ত বা আর্থিক লেনদেনের পরিমাণ প্রকাশ্যে আনতে চাননি কেউই।পরিবারের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করেই এই সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদমাধ্যমে অজ্ঞাতপরিচয় সূত্রের নামে প্রকাশিত বিভিন্ন মন্তব্যের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেছেন দুই তারকার প্রতিনিধিরা। সমঝোতার পর এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে চান না তাঁরা। 

এই আইনি সংঘাতের সূত্রপাত ২০২১ সালে। ২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রায় ১২০০ থেকে ১৩০০ একর বিস্তৃত শ্যাতো মিরাভাল সম্পত্তি কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সেখানে একটি বিলাসবহুল ওয়াইনারিও রয়েছে। সম্পত্তিটির সঙ্গে তাঁদের ব্যক্তিগত স্মৃতিও জড়িয়ে রয়েছে। ২০১৪ সালে সেখানেই বিয়ে করেছিলেন এই তারকা জুটি। কিন্তু ২০১৬ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর ধীরে ধীরে সেই সম্পত্তিই তাঁদের বিবাদের অন্যতম কারণ হয়ে ওঠে।

২০২২ সালে ব্র্যাড পিট আদালতে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, পারস্পরিক সম্মতি ছাড়া কেউ নিজেদের অংশ বিক্রি করবেন না বলে আগে থেকেই তাঁদের মধ্যে সমঝোতা হয়েছিল। কিন্তু সেই চুক্তি অমান্য করে জোলি নিজের ৫০ শতাংশ অংশ বিক্রি করে দেন। লুক্সেমবার্গভিত্তিক সংস্থা টেনুটে দেল মন্ডোর কাছে নিজের অংশ বিক্রি করেছিলেন জোলি। সংস্থাটি স্টোলি গ্রুপের ওয়াইন ব্যবসার সঙ্গে যুক্ত। পাল্টা মামলায় জোলি অভিযোগ করেন, ওয়াইনারির অংশ বিক্রির আলোচনা চলাকালীন পিট এমন একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলেন, যার মাধ্যমে তাঁর বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ সীমিত হয়ে যেত। ২০১৬ সালে ব্যক্তিগত বিমানে ভ্রমণের সময় পিটের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছিলেন তিনি। তবে পিট সেই অভিযোগ অস্বীকার করেছেন। ওই ঘটনার তদন্ত হলেও তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি। 

উল্লেখ্য, ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেছিলেন জোলি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। তাঁদের ছয় সন্তান রয়েছে। তবে প্রাক্তন দম্পতির এই সমঝোতায় ওয়াইনারি সংক্রান্ত সব আইনি জটিলতা শেষ হয়নি। স্টোলি গ্রুপের মালিক ইউরি শেফলারের বিরুদ্ধে ব্র্যাড পিটের পৃথক আইনি লড়াই এখনও চলছে।ব্যক্তিগত সম্পর্কের তিক্ততা থেকে শুরু হওয়া দীর্ঘ আইনি সংঘাতের একটি বড় অধ্যায়ের অবসান ঘটল। তবে শ্যাতো মিরাভালের ভবিষ্যৎ মালিকানা এবং বাকি মামলার পরিণতি নিয়ে হলিউডের পাশাপাশি আন্তর্জাতিক বিনোদন ও ব্যবসায়িক মহলেও আগ্রহ অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…