Modi | ‘কোনও শক্তিই আটকাতে পারবে না’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় শপথ মোদির

Modi
Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ করানোর প্রশ্নে কোনওরকম আপস করতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিল কার্যকর করার পথে কোনও বাধাই শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় প্রকাশ করেছেন তিনি। সংসদে বিল পাশ করানোর শপথ নেওয়ার পাশাপাশি বিরোধীদের একাংশকে ‘দিমাগি নকশাল’ বলেও কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দেশের প্রথম সারির সংবাদপত্রগুলিতে প্রকাশিত এক বিশেষ নিবন্ধে তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীরা মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করছে। তবে কোনও শক্তিই যে মহিলাদের ন্যায়বিচার পাওয়ার পথ আটকাতে পারবে না, সে কথাও দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিবন্ধে সরাসরি কংগ্রেসের নাম না করলেও প্রধান বিরোধী দলকে বিঁধে মোদী লিখেছেন, চলতি বছরের শুরুতে সংসদে মহিলা সংরক্ষণ বিল পরাস্ত হওয়া অত্যন্ত লজ্জার এবং এটি বিরোধী দলের ‘সাংবিধানিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা’-রই প্রতিফলন। দেশের ‘নারী শক্তি’-কে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর বার্তা, “আমি ভারতের নারী শক্তিকে আশ্বস্ত করছি যে, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করার পথ থেকে কোনও শক্তিই আমাদের আটকাতে পারবে না।”

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সংবিধান রচনায় যে সব মহিলার অবদান রয়েছে, তাঁদের স্বীকৃতি না দিলে ভারতের সাংবিধানিক যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। আইনসভায় মহিলাদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিল আটকে দেওয়ায় আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, সাংবিধানিক গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা স্পষ্টভাবে নির্ধারিত থাকলেও প্রধান বিরোধী দল ক্রমশ ‘বিরোধী পক্ষ’ (অপোজিশন)-এর বদলে ‘অবরোধ পক্ষ’ (বাধাদানকারী)-এ পরিণত হয়েছে। তাঁর মন্তব্য, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কোনওভাবেই সাংবিধানিক দায়িত্ব পালনের বিকল্প হতে পারে না।”

উল্লেখ্য, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের সঙ্গে যুক্ত ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল’-এ লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার প্রস্তাব রাখা হয়েছিল, যাতে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করা যায়। কিন্তু গত এপ্রিল মাসে লোকসভায় বিলটি পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ব্যর্থ হয় সরকার এবং বিলটি পরাস্ত হয়।

নিবন্ধে দেশের বৃহত্তম বিরোধী দলকে নিশানা করে মোদী আরও অভিযোগ করেন যে, তারা অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণ কমিয়ে মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করতে চাইছে। প্রধানমন্ত্রীর মতে, এই ধরনের প্রস্তাব সংবিধান প্রণেতাদের— বিশেষত বি আর অম্বেদকরের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। তাঁর কথায়, “এটি অত্যন্ত নিন্দনীয় যে, বিরোধী শিবিরের বৃহত্তম দলটি ওবিসি সংরক্ষণ কমিয়ে মুসলিম সংরক্ষণ আনতে চাইছে।”

পাশাপাশি, মাওবাদ ও নকশালবাদ দমনে সরকারের সাফল্যের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, চলতি বছরে নকশালবাদের সফল নির্মূলের ফলে সমাজের দরিদ্রতম অংশ, বিশেষত জনজাতি অধ্যুষিত এলাকার মানুষেরা এখন নির্ভয়ে তাঁদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারছেন। দশকের পর দশক ধরে নকশালরা হিংসার ভয় দেখিয়ে দেশের বহু প্রান্তের মানুষকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি।

এরই সূত্র ধরে উন্নয়নের বিরোধিতাকারীদের নিশানা করে মোদী লেখেন, “এখন আমাদের সামনে কেবল ‘দিমাগি নকশাল’-রাই পড়ে রয়েছে, যারা বর্তমান সময়ের বাস্তবতা থেকে বহু দূরে সরে গিয়েও দেশের উন্নয়নের গতিপথ রুদ্ধ করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।” নকশালবাদের অবসান দরিদ্রতম নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার ফিরিয়ে দিয়েছে বলেও নিবন্ধে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ করাতে সাংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কিন্তু সে জল্পনা বাস্তবের মাটি পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে সেই জল্পনার মধ্যেই শীতকালীন অধিবেশনের প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। যদি বিশেষ অধিবেশন নাও হয়, তাহলেও ওই বহুল চর্চিত আইনটি শীত অধিবেশনে পাশ করাতে মরিয়া কেন্দ্র।

প্রধানমন্ত্রীর যা ইঙ্গিত তাতে ১৫ ডিসেম্বর বা তার দু’একদিন আগে শীতকালীন অধিবেশন ডাকা হতে পারে। সমস্যা হল বাদল অধিবেশন এখনও দস্তুরমতো সমাপ্তি ঘোষণা বা ‘পোরগ’ করা হয়নি। সেটা ঘোষণার পর নতুন করে অধিবেশন ডাকতে সময় লাগবে। সম্ভবত সেকারণেই ডিসেম্বরের ১৫ তারিখের আগে অধিবেশন ডাকা সম্ভব নয়। সেক্ষেত্রে শীতকালীন অধিবেশন হবে সংক্ষিপ্ত। তবে তার আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন ডাকার চেষ্টা করা হচ্ছে।

যে অধিবেশনেই হোক ডিসেম্বরের মধ্যেই আসন পুনর্বিন্যাস আইন পাশ করাতে চায় সরকার। এবং সংখ্যাবল নিয়েও আত্মবিশ্বাসী কেন্দ্র। বর্তমানে ৫৪০ কার্যকর সদস্যের লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ৩৬০টি ভোট। এনডিএ-র হাতে প্রায় ৩২০। ডিএমকে-র ২২ সাংসদের সমর্থন মিললে সেই সংখ্যা দাঁড়াবে ৩৪২। শরদ পাওয়ারের এনসিপি-র সাত সাংসদ পাশে দাঁড়ালে তা আরও বাড়বে। তবু প্রয়োজনীয় সংখ্যা পেরোতে অন্য দলের সমর্থন বা ভোটাভুটিতে বিরোধীদের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ। তবে সরকারের অন্দরে অনেকেই আশাবাদী, সংখ্যা জোটাতে সমস্যা হবে না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…