
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফের ছাদ থেকে চাঙড় খসে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ের একতলার একটি ঘরে আচমকাই ছাদের একাংশ ভেঙে পড়ে। চাঙড় খসে পড়তেই ছাদের ভিতরে থাকা ঢালাইয়ের লোহার রড ও বিম বেরিয়ে আসে। ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভবনের রক্ষণাবেক্ষণ নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।হাসপাতালের ইউএনবি বিল্ডিংয়ের রেডিয়োলজি বিভাগের ১০০ নম্বর ঘরে এই দুর্ঘটনাটি ঘটে। হাসপাতালের নিজস্ব যে এক্স-রে ব্যবস্থা রয়েছে, তা এই ঘরেই হত। ফলে দুর্ঘটনার সময়ে ঘরে কোনও টেকনিশয়ান বা রোগী থাকলে বিপদের আশঙ্কা ছিল।
নীলরতন সরকার হাসপাতালের ইউএনবি ভবনের নির্মাণগত বেশ কিছু ত্রুটি আগেই ধরা পড়েছিল। পূর্ত দফতরও এ বিষয়ে সতর্ক করেছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই পরামর্শমতো ইউএনবি বিল্ডিংটি ভেঙে ফেলার তোড়জোড়ও শুরু করেছেন কর্তৃপক্ষ।ওই বিল্ডিংয়ে যে সব বিভাগ ছিল, সেগুলি আগেই হাসপাতালের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। ইউএনবি বিল্ডিংয়ের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত যে সকল বিভাগ ছিল, প্রতিটি বিভাগকে প্রশাসনিক কার্যালয়ের উল্টোদিকে যে ঘর রয়েছে, সেখানে স্থানান্তর করা হয়েছে।
তবে বিপত্তির মুখে পড়া ঘরটি থেকেই এতদিন রোগীদের এক্স-রে করা হত। হাসপাতালের নিজস্ব এক্স-রে পরিষেবা ইউএনবি বিল্ডিংয়ের একতলার ১০০ নম্বর ঘরে রেডিয়োলজি বিভাগের অধীনেই চালু ছিল। সূত্রের খবর, অন্যত্র নতুন করে এক্স-রে যন্ত্র বসানোর ক্ষেত্রে কিছু পরিকাঠামোগত সমস্যা থাকায় ওই ঘরেই পরিষেবা চালিয়ে যেতে হচ্ছিল। হাসপাতাল কর্মীদের একাংশের আশঙ্কা, চাঙড় খসে পড়ার সময় ঘরে কোনও রোগী বা কর্মী উপস্থিত থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তাঁদের মতে, বর্তমান অবস্থায় বিল্ডিংটির নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে। তাই দেরি না করে ভবনটি ভেঙে ফেলার কাজ শুরু করা প্রয়োজন।
