Park Street | ভুয়ো জিএসটি অফিসার! পার্ক স্ট্রিটের গয়নার শোরুমে বড়সড় প্রতারণা

Fake GST officer! Major fraud at a jewellery showroom on Park Street
Fake GST officer! Major fraud at a jewellery showroom on Park Street

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  সরকারি আধিকারিকের পরিচয়কে হাতিয়ার করে কলকাতার পার্ক স্ট্রিটের একটি নামী গয়নার শোরুমে অভিনব কায়দায় লুটপাটের অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। নিজেদের জিএসটি আধিকারিক পরিচয় দিয়ে শোরুমে ঢুকে প্রায় ২ কেজি সোনার গয়না নিয়ে চম্পট দেয় তারা বলে অভিযোগ। চুরি যাওয়া গয়নার মোট ওজন ১,৯৮১.৭৮০ গ্রাম। বিপুল পরিমাণ সোনার গয়না উধাও হওয়ার ঘটনায় পার্ক স্ট্রিট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এই ব‌্যাপারে ওই দোকানের পক্ষ থেকে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। দোকানের সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে যে কর্মীকে সঙ্গে করে লুঠেরা গ‌্যাংয়ের সদস‌্যরা নিয়ে যায়, তঁার সঙ্গে ওই গ‌্যাংয়ের কোনও যোগাযোগ রয়েছে কি না, তা পুলিশ জানার চেষ্টা করছে। পুলিশের সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ওই দোকানে কয়েকজন হাজির হয়ে নিজেদের জিএসটি আধিকারিক বলে পরিচয় দেয়। এরপর অফিসের সোনার গয়নার স্টক পরীক্ষা করার কথা বলে কর্মীদের কাছ থেকে গয়না বের করায় তারা। পরীক্ষা চলাকালীন নথিতে গরমিলের অভিযোগ তুলে ওই গয়নাগুলি বাজেয়াপ্ত করার নামে ১০৮টি সোনার চুড়ি এবং ২০টি সোনার বালা নিজেদের দখলে নেয় তারা।

সব মিলিয়ে গয়নার ওজন প্রায় ১ হাজার ৯৮২ গ্রাম। এর দাম প্রায় আড়াই কোটি টাকা। পালানোর সময় তারা জানায়, বাজেয়াপ্ত করা গয়না ও ওই কর্মীকে জিএসটি দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও পরে দোকান কর্তৃপক্ষ জিএসটি দপ্তরে খবর নিয়ে জানতে পারে যে, জিএসটি এই ধরনের কোনও অভিযানই চালায়নি। খোঁজ মেলেনি ওই কর্মীরও। সিসিটিভির ফুটেজে শনাক্ত করে ওই দুষ্কৃতীদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…