
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ভারতের অন্যতম বৃহৎ ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে বড়সড় নেতৃত্বের পরিবর্তন। প্রায় এক দশকের দীর্ঘ দায়িত্ব পালনের পর সংস্থার CEO পদ ছাড়ছেন কল্যাণ কৃষ্ণমূর্তি। বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর বিদায়ের কথা ঘোষণা করেছে মার্কিন বহুজাতিক সংস্থা ওয়ালমার্টের মালিকানাধীন ফ্লিপকার্ট। তাঁর নেতৃত্বেই গত কয়েক বছরে ভারতীয় অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে সংস্থাটি। এবার তাঁর জায়গায় কে দায়িত্ব নেবেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নতুন CEO-র নাম আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থা। ততদিন অন্তর্বর্তীভাবে দায়িত্ব সামলাবেন ফ্লিপকার্টের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার বালাজি থিয়াগরাজন এবং সংস্থার বোর্ড। ২০১১ সালে ফ্লিপকার্টের সঙ্গে প্রথম যুক্ত হয়েছিলেন কল্যাণ কৃষ্ণমূর্তি। সেই সময় তিনি সংস্থার অন্যতম প্রাথমিক বিনিয়োগকারী টাইগার গ্লোবালের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। ২০১৬ সালের জুন মাসে ফের ফ্লিপকার্টে যোগ দেন তিনি। ২০১৭ সালের জানুয়ারিতে CEO-র দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালে গ্রুপ CEO হন। প্রতিষ্ঠাতা সচিন বনসল ও বিন্নি বনসলের বিদায়ের পর সংস্থার নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
কৃষ্ণমূর্তির নেতৃত্বে ফ্লিপকার্টের ব্যবসা পাঁচ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ওয়ালমার্ট। ২০১৮ সালে প্রায় ১৬০০ কোটি মার্কিন ডলারে ফ্লিপকার্টের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করেছিল ওয়ালমার্ট। সেই মালিকানা পরিবর্তনের পর সংস্থার ব্যবসায়িক রূপান্তর এবং সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সময়ের নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর আমলেই ফ্লিপকার্টের বার্ষিক উৎসবকালীন কেনাকাটার বিশেষ আয়োজন ‘বিগ বিলিয়ন ডেজ’ দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং ইভেন্টে পরিণত হয়। পাশাপাশি ছোট ব্যবসায়ী, বিক্রেতা এবং দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে অনলাইন কেনাকাটার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও সংস্থার বিস্তার ঘটেছে।
তবে তাঁর বিদায়ের সময় ফ্লিপকার্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। লাভজনক ব্যবসায় পরিণত হওয়া, সম্ভাব্য IPO-র প্রস্তুতি এবং অ্যামাজন, মিশো ও ব্লিঙ্কিটের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়ানো সংস্থার সামনে বড় লক্ষ্য। পাশাপাশি দ্রুত ডেলিভারি পরিষেবা ‘ফ্লিপকার্ট মিনিটস’-এর ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চপদস্থ আধিকারিকের সংস্থা ছাড়ার ঘটনা এবং কর্মীদের ESOP সংক্রান্ত অসন্তোষও আলোচনায় এসেছে।
ওয়ালমার্ট ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও CEO ক্রিস নিকোলাস কল্যাণ কৃষ্ণমূর্তির অবদানের প্রশংসা করেছেন। তাঁর মতে, কৃষ্ণমূর্তির নেতৃত্ব ও উন্নত পরিচালন ব্যবস্থা ফ্লিপকার্টের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অন্যদিকে, কৃষ্ণমূর্তিও সংস্থার কর্মী, বিক্রেতা এবং সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ্য, ফ্লিপকার্টের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটির বেশি এবং প্ল্যাটফর্মে বিক্রেতার সংখ্যা ১৪ লক্ষেরও বেশি। ফলে এই গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্বের পরিবর্তন সংস্থার ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে প্রযুক্তি ও শিল্পমহলের।
