
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : চিনের হাতে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি পৌঁছনো আটকাতে আরও কঠোর পদক্ষেপ করেছে আমেরিকা। আর ওয়াশিংটনের সেই সিদ্ধান্তের প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে বিশ্বের সেমিকন্ডাক্টর বাজারে। মার্কিন প্রশাসনের নতুন রপ্তানি নিয়ন্ত্রণ বিধির জেরে বাজারে হঠাৎ করেই বেড়ে গিয়েছে এনভিডিয়ার অত্যাধুনিক AI চিপের সরবরাহ। বিশেষ করে B300-এর মতো শক্তিশালী GPU বিক্রির জন্য নতুন ক্রেতার সন্ধান করছেন বিক্রেতারা। যে চিপগুলি মূলত বিদেশের বিভিন্ন ডেটা সেন্টারের মাধ্যমে চিনা সংস্থাগুলিকে কম্পিউটিং পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে কেনা হয়েছিল, সেগুলির ভবিষ্যৎ নিয়েই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন বিধিনিষেধের কথা ঘোষণা করে। ১৯ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়মের মূল লক্ষ্য হল, তৃতীয় কোনও দেশের ডেটা সেন্টার ব্যবহার করে চিনা সংস্থাগুলির অত্যাধুনিক মার্কিন AI চিপ ব্যবহারের পথ বন্ধ করা। এতদিন সরাসরি চিনে উন্নতমানের চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা থাকলেও অন্য দেশের ডেটা সেন্টার থেকে কম্পিউটিং ক্ষমতা ভাড়া নিয়ে সেই প্রযুক্তি ব্যবহারের সুযোগ ছিল। নতুন নিয়মে সেই ফাঁকফোকর বন্ধ করার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।
মার্কিন বাণিজ্য দফতরের অধীন ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (BIS) এই বিধিনিষেধ কার্যকর করেছে। এর ফলে চিনের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থাগুলিকে উন্নত AI কম্পিউটিং পরিষেবা দেওয়া বিদেশি ডেটা সেন্টারগুলির উপরেও নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। বিশেষ অনুমতি ছাড়া নির্দিষ্ট ক্ষমতার বেশি কম্পিউটিং পরিষেবা সরবরাহ করা কঠিন হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত ডেটা সেন্টারগুলিও এই নজরদারির আওতায় আসছে।
এই পরিস্থিতিতে বাজারে এনভিডিয়ার উন্নত GPU বিক্রির জন্য তৎপরতা বেড়েছে। AI পরিকাঠামো সংক্রান্ত বাজার GPU Mart-এর প্রেসিডেন্ট জ্যাক ডুহামেলের বক্তব্য অনুযায়ী, নতুন মার্কিন বিধিনিষেধের পর থেকেই বিপুল সংখ্যক GPU বিক্রির প্রস্তাব আসতে শুরু করেছে। কয়েক হাজার B300 চিপ বিক্রির জন্যও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই চিপগুলির একটি বড় অংশ আগে এমন ডেটা সেন্টারের জন্য বরাদ্দ ছিল, যেখান থেকে চিনা গ্রাহকেরা কম্পিউটিং পরিষেবা ভাড়া নিতে পারতেন।
আমেরিকার এই পদক্ষেপের পিছনে রয়েছে জাতীয় নিরাপত্তার উদ্বেগ। ওয়াশিংটনের আশঙ্কা, উন্নত AI চিপ ব্যবহার করে চিন সামরিক প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে পারে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, তৃতীয় দেশের ডেটা সেন্টারের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়ানোর পথ বন্ধ করতেই নতুন নিয়ম আনা হয়েছে।
অন্যদিকে, এনভিডিয়াও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সংস্থার আশঙ্কা, ক্লাউড পরিষেবায় চিপ ব্যবহারের উপর অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ প্রযুক্তি শিল্পে নতুন আইনি জটিলতা তৈরি করতে পারে। সব মিলিয়ে, চিনকে প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণে রাখার মার্কিন কৌশল এখন বিশ্ব AI চিপ বাজারের সমীকরণ বদলে দিচ্ছে। আগামী দিনে এই বিধিনিষেধের ফলে এনভিডিয়ার ব্যবসা, আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা এবং AI শিল্পের প্রতিযোগিতায় কী প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে প্রযুক্তি মহলের।
