Tulu Mondal | টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছোল, রাজ্যের কাছে কেস ডায়েরি তলব কলকাতা হাই কোর্টের

Tulu Mondal
Tulu Mondal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বীরভূমের আলোচিত পাথর ব্যবসায়ী এবং 'পাথর সম্রাট' নামে পরিচিত মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি আরও একবার পিছিয়ে গেল। বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে টুলু মণ্ডল সম্পর্কিত সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় জানান, এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) হবে। উল্লেখ্য, টুলু মণ্ডল আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে রক্ষাকবচ পেয়েছেন।এর আগে গত সপ্তাহেও এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে অনুপস্থিত থাকায় শুনানি মুলতুবি রাখা হয়েছিল। বৃহস্পতিবার মামলাটি ফের বেঞ্চের সামনে এলে বিচারপতি রাজ্য সরকারের কাছ থেকে টুলুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর সম্পূর্ণ কেস ডায়েরি তলব করেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পাওয়ার পর টুলু মণ্ডল দেশে ফিরেছেন। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ বা দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তবে এই মেয়াদ শেষ হলেই গ্রেফতারির আশঙ্কায় তিনি ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।দেশে ফেরার পর থেকেই টুলু মণ্ডল লাগাতার তদন্তকারী সংস্থাগুলোর জিজ্ঞাসাবাদের মুখে পড়ছেন। গত শুক্রবার সিউড়ি থানায় তাঁকে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর মঙ্গলবার তাঁকে ফের তলব করা হয়, যেখানে তিনি প্রায় ৯ ঘণ্টা থানায় ছিলেন। বুধবারও সিউড়ি থানায় তাঁকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।জেলা পুলিশের পাশাপাশি সিআইডি-র নজরও রয়েছে টুলু মণ্ডলের ওপর। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনার তদন্তের সূত্রে সিআইডি সম্প্রতি তাঁকে তলব করেছিল, যার পরিপ্রেক্ষিতে তিনি ভবানী ভবনে হাজিরাও দিয়েছিলেন। বুধবারও সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, কিন্তু বীরভূমের মামলায় থানায় হাজিরার কারণ দেখিয়ে টুলু সিআইডি সদর দফতরে যাননি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…