
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক :ভারতে পাকিস্তানি বিনোদন জগতের অনুষ্ঠান ও শিল্পীদের বয়কটের দাবি যখন নতুন করে জোরালো হচ্ছে, ঠিক সেই সময় দুবাইয়ে একসঙ্গে পার্টিতে মেতে উঠলেন ভারতের জনপ্রিয় র্যাপার ইয়ো ইয়ো হানি সিং এবং পাকিস্তানের বিখ্যাত গায়ক আতিফ আসলাম। শুধু একসঙ্গে উপস্থিত থাকাই নয়, পাকিস্তানি গায়ক আবরার-উল-হকের গানের তালে দু’জনকে নাচতেও দেখা গেল। তাঁদের সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও ও ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন এবং পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করার দাবির আবহে এই দৃশ্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
দুবাইয়ে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হানি সিং ও আতিফ আসলাম। বিয়ের আসরটি ছিল আবিদা চৌধুরী ও বিলাল আসিফের। অনুষ্ঠানের সঞ্চালক সাদিক সেলিম নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুই তারকার একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে, আবরার-উল-হকের জনপ্রিয় গানের তালে নাচছেন হানি ও আতিফ। নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অতিথিদের সঙ্গে আনন্দেও মেতে ওঠেন তাঁরা।
সাদিক সেলিম তাঁর পোস্টে দুই শিল্পীর উপস্থিতির অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তাঁর বর্ণনায়, হানি সিং অনুষ্ঠানে প্রবেশ করেছিলেন নিজের পরিচিত স্টাইল ও উচ্ছ্বাস নিয়ে। অন্যদিকে আতিফ আসলাম ছিলেন যথেষ্ট শান্ত ও সংযত। এমনকী নিজের কনসার্টের মহড়া শেষ করেই প্রতিশ্রুতি রাখতে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আতিফ। দুই শিল্পীকে একসঙ্গে নাচতে দেখে যে তিনি আনন্দিত, সেটাও স্পষ্ট করেছেন অনুষ্ঠানের সঞ্চালক। তবে এই ঘটনাকে ঘিরে সবচেয়ে বেশি চর্চা হয়েছে সাদিকের একটি মন্তব্য নিয়ে। ভারতে পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধ করার দাবিতে যখন অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি চলছে, তখন দুবাইয়ে দুই দেশের শিল্পীরা একসঙ্গে গান ও বন্ধুত্ব উদ্যাপন করছেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর এই বক্তব্যও সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে নজর কেড়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল সিরিজ ‘Jo Bachay Hain Sang Samait Lo’-এর ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই ভারতে বিতর্ক শুরু হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির মুক্তির কথা। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির-সহ একাধিক পরিচিত পাকিস্তানি শিল্পী। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে ভারতে সিরিজটির সম্প্রচার বন্ধ করার আবেদন জানিয়েছে। পাকিস্তানি বিনোদনমূলক অনুষ্ঠান ও শিল্পীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে।
এই পরিস্থিতিতে হানি সিং ও আতিফ আসলামের একসঙ্গে নাচের ভিডিও নতুন করে ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে বিতর্ক উসকে দিয়েছে। একদিকে রাজনৈতিক উত্তেজনা ও বিনোদন জগতে নিষেধাজ্ঞার দাবি, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে শিল্পীদের ব্যক্তিগত বন্ধুত্ব ও সংগীতের উদ্যাপন। দুই বিপরীত ছবিই এখন আলোচনায়। তবে এই মুহূর্তে দুই গায়কের একসঙ্গে কোনও নতুন গান বা যৌথ কাজের ঘোষণা সামনে আসেনি।
