Ravi Kishan | দুধ-গোলাপের পাপড়িতে বিলাসবহুল স্নান! রবি কিষানকে ঘিরে চর্চা তুঙ্গে, অবশেষে দিলেন জবাব

Ravi Kishan
Ravi Kishan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : প্রতিটি শট দেওয়ার আগে নাকি ২০ লিটার দুধের মধ্যে গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করেন অভিনেতা রবি কিষান! বলিউড থেকে ভোজপুরি চলচ্চিত্র জগৎ, এমনকী রাজনৈতিক মহলেও পরিচিত এই অভিনেতাকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা মজার গুঞ্জন ছড়িয়েছে। এবার নিজের সম্পর্কে ছড়িয়ে পড়া এমনই এক অদ্ভুত খবরের সত্যতা প্রকাশ্যে আনলেন তিনি। শুধু তাই নয়, এই গুজব শুনে নিজেই যে হাসতে হাসতে লুটিয়ে পড়েছিলেন, তাও জানালেন অভিনেতা। তাঁর পাশে দাঁড়িয়ে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতও।

সম্প্রতি মারাঠি কুইজ রিয়্যালিটি শো ‘কৌন হোনার ক্রোড়পতি’-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রবি কিষান। অনুষ্ঠানের সঞ্চালক মাধুরী দীক্ষিতের সঙ্গে কথোপকথনের সময় উঠে আসে অভিনেতাকে ঘিরে বিভিন্ন মজার গুজবের প্রসঙ্গ। মাধুরী জানতে চান, নিজের সম্পর্কে শোনা কোন গুজবটি তাঁকে সবচেয়ে বেশি হাসিয়েছে? উত্তরে রবি জানান, তাঁর সম্পর্কে নাকি প্রচার রয়েছে যে প্রতিটি শটের আগে ২০ লিটার দুধ দিয়ে স্নান করেন তিনি। দুধের মধ্যে মেশানো থাকে গোলাপের পাপড়িও। এমন কথা শুনে তিনি নিজেই হাসি থামাতে পারেননি বলে জানান অভিনেতা।

এরপর নিজের জীবনের একটি মজার অভিজ্ঞতার কথাও শোনান রবি। ছটপুজোর সময় গোরক্ষপুরের বিভিন্ন ঘাটে সারা রাত কাটিয়েছিলেন তিনি। ভোরবেলা সেখান থেকে বিমানে চেপে সরাসরি শুটিংয়ের উদ্দেশে রওনা দেন। শুটিংয়ের জায়গায় পৌঁছে ভ্যানিটি ভ্যানে তৈরি হয়ে যান তিনি। কিন্তু কোথায় সেই ২০ লিটার দুধ কিংবা গোলাপের পাপড়ি? মজার ছলেই এমন প্রশ্ন তোলেন অভিনেতা। তাঁর বক্তব্য, বাস্তবে এমন কোনও বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না তাঁর।

এই সময় মাধুরী দীক্ষিতকেও বিষয়টি স্পষ্ট করে দিতে বলেন রবি। কারণ, দু’জনে একসঙ্গে কাজ করেছেন এবং অভিনেতার শুটিংয়ের অভ্যাস সম্পর্কে মাধুরী যথেষ্ট ওয়াকিবহাল। মাধুরী জানান, রবি অনেক সময় সারারাত যাতায়াত করে সকালে শুটিংয়ের সেটে পৌঁছতেন এবং কোনও বিলম্ব না করে কাজে নেমে পড়তেন। দুধ দিয়ে স্নান করার মতো কোনও বিলাসবহুল আয়োজন তিনি কখনও দেখেননি। ফলে অভিনেতাকে ঘিরে ছড়ানো এই গুজব যে সত্যি নয়, তা স্পষ্ট করে দেন মাধুরী।

উল্লেখ্য, সুরেশ ত্রিবেণী পরিচালিত ‘মা বহেন’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন রবি কিষান ও মাধুরী দীক্ষিত। ছবিতে তাঁদের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি এবং ধরনা দুর্গা। অন্যদিকে, ‘লাপাতা লেডিজ’ এবং ‘মামলা লিগ্যাল হ্যায়’-এর মতো কাজের মাধ্যমে সাম্প্রতিক সময়ে দর্শকদের প্রশংসা পেয়েছেন রবি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…