
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (MCU) আগামী ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তির আগেই নতুন রহস্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। ছবিতে ভয়ংকর ভিলেন ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করার কথা রবার্ট ডাউনি জুনিয়রের। কিন্তু সম্প্রতি প্রকাশিত একটি নতুন টিজারের কয়েক সেকেন্ডের দৃশ্য ঘিরে তৈরি হয়েছে জল্পনা। ভক্তদের একাংশের দাবি, মুখোশের আড়ালে আসলে রবার্ট ডাউনি জুনিয়র নন, বরং হলিউড অভিনেতা সিলিয়ান মারফি থাকতে পারেন! মুহূর্তের একটি দৃশ্যে ডক্টর ডুমের চোখের রং দেখে শুরু হয়েছে এই আলোচনা। যদিও মার্ভেল কর্তৃপক্ষের তরফে এমন কোনও পরিবর্তনের কথা এখনও ঘোষণা করা হয়নি।
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র নতুন ট্রেলার প্রকাশের পর বৃহস্পতিবার আরও একটি বিশেষ টিজার সামনে আনে মার্ভেল স্টুডিও। সেখানেই দেখা যায়, ডক্টর ডুমের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছেন ম্যাগনেটো। এই চরিত্রে অভিনয় করছেন কিংবদন্তি অভিনেতা ইয়ান ম্যাককেলেন। সেই দৃশ্যে ক্যামেরা অল্প সময়ের জন্য ডক্টর ডুমের চোখের উপর স্থির হয়। আর তাতেই দর্শকদের একাংশের নজরে আসে চোখের রং। তাঁদের দাবি, চোখের রং নাকি রবার্ট ডাউনি জুনিয়রের সঙ্গে মিলছে না। বরং তা অনেক বেশি সিলিয়ান মারফির চোখের মতো। ব্যস, তারপর থেকেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের তত্ত্ব ও জল্পনা।
বিশেষ করে ‘ওপেনহাইমার’ ছবিতে অভিনয়ের জন্য অস্কারজয়ী সিলিয়ান মারফির নাম এই আলোচনায় উঠে আসায় উত্তেজনা আরও বেড়েছে। তাঁর পরিচিত নীলচে চোখের সঙ্গে টিজারের ওই দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন অনেকেই। কেউ কেউ মনে করছেন, রবার্ট ডাউনি জুনিয়রকে সামনে রেখে আসল ডক্টর ডুমের পরিচয় গোপন রাখছে মার্ভেল। আবার একাংশের ধারণা, ছবিতে একাধিক ডক্টর ডুমের উপস্থিতি থাকতে পারে। মাল্টিভার্সের গল্পে এমন কোনও বড় চমক অপেক্ষা করছে কি না, তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
তবে এই জল্পনার বিপরীতে রয়েছে মার্ভেলের আগের আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৪ সালে সান দিয়েগো কমিক-কনে রবার্ট ডাউনি জুনিয়রকে ভিক্টর ভন ডুমের চরিত্রে অভিনয়ের জন্য ঘোষণা করেছিল মার্ভেল স্টুডিও। এমনকী ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এর শেষের ক্রেডিট দৃশ্যেও ডক্টর ডুম হিসেবে তাঁর সংক্ষিপ্ত উপস্থিতি দেখা গিয়েছিল। ফলে নতুন টিজার ঘিরে তৈরি হওয়া জল্পনা তাঁর ঘোষিত চরিত্রকে এখনও পর্যন্ত বদলে দেয়নি।
অ্যান্থনি ও জো রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ছবিতে থাকছে তারকাখচিত অভিনয়শিল্পীদের সমাহার। ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, পেড্রো পাসকাল, অ্যান্থনি ম্যাকি, পল রাড, ফ্লোরেন্স পিউ এবং ভেনেসা কারবির মতো অভিনেতাদের দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। ছবিটি বিশ্বজুড়ে ১৮ ডিসেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা। ভারতে মুক্তির সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর।
