
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : দীর্ঘদিনের বিতর্কের অবসান। ওড়িশার আপত্তি ও ধর্মীয় ভাবাবেগকে মর্যাদা দিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের নাম থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হল ‘ধাম’ শব্দটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দীঘার গোটা মন্দির চত্বরের নাম রাখা হয়েছে ‘শ্রীশ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’। অন্যদিকে, মন্দিরটির নাম হবে ‘শ্রীশ্রী জগন্নাথ মন্দির’। পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে দুই রাজ্যের সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত হওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি।
জানা গিয়েছে, গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে একটি সরকারি চিঠি পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই চিঠিতেই দীঘার জগন্নাথ মন্দিরের নাম পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চিঠিতে শুভেন্দু জানান, মহাপ্রভু শ্রীজগন্নাথের ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব এবং পুরীর শ্রীজগন্নাথ ধামের বিশেষ মর্যাদার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি গোটা চত্বরের সাংস্কৃতিক পরিচয়কে গুরুত্ব দিয়েই নতুন নামকরণ করা হয়েছে বলে জানান তিনি।
এই সিদ্ধান্তের পরেই সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান মোহনচরণ মাঝি। তাঁর বক্তব্য, পুরীর শ্রীজগন্নাথ ধামের একটি নিজস্ব এবং অনন্য ধর্মীয় পরিচিতি রয়েছে। সেই পবিত্র ‘ধাম’ শব্দটি দীঘার মন্দির চত্বরের সঙ্গে যুক্ত হওয়ায় বিশ্বজুড়ে কোটি কোটি জগন্নাথ ভক্তের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল। তাই নাম পরিবর্তনের সিদ্ধান্তকে তিনি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
মাঝির মতে, এই সিদ্ধান্ত সনাতন সংস্কৃতি, ঐতিহ্য এবং ভক্তদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের পরিচয়। ওড়িশার সাড়ে চার কোটি মানুষের পক্ষ থেকেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর আশা, এই পদক্ষেপের ফলে শ্রীক্ষেত্র পুরীর স্বতন্ত্র আধ্যাত্মিক পরিচিতি অক্ষুণ্ণ থাকবে এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দীঘায় প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। পুরীর দ্বাদশ শতকের বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরের নামকরণ ঘিরেই বিতর্কের সূত্রপাত। পুরীর জগন্নাথ ধামের বিশেষ ধর্মীয় মর্যাদার কথা তুলে ধরে আপত্তি জানিয়েছিল ওড়িশা। সেই বিতর্কের পরিপ্রেক্ষিতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেয় বর্তমান রাজ্য সরকার। এবার আনুষ্ঠানিকভাবে নতুন নাম ঘোষণা হওয়ায় সেই বিতর্কের অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে।
