
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : ভারতের সংবিধান কেবলমাত্র একটি বই বা আইনি দলিল নয়, বরং এটি আমাদের দেশের আত্মা—জাতীয় সংবিধান দিবসে এই বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি সংবিধানকে প্রতিটি নাগরিকের মর্যাদার ঢাল এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সর্বশ্রেষ্ঠ অস্ত্র হিসেবে অভিহিত করেন। যে কোনো পরিস্থিতিতে সংবিধান রক্ষা করার এবং প্রতিটি ভারতীয়ের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
সংবিধান দিবস উপলক্ষে সমাজমাধ্যমে (এক্স হ্যান্ডেল) রাহুল গান্ধী লেখেন, "ভারতের সংবিধান নিছক একটি বই নয়—এটি জাতির আত্মা। এটি প্রতিটি নাগরিকের মর্যাদার ঢাল, প্রতিটি কণ্ঠস্বরের শক্তি এবং ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের রক্ষক।"তিনি আরও লেখেন, "এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং অন্যায়ের বিরুদ্ধে আমাদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। সংবিধান দিবসে আমি আমার শপথ পুনর্ব্যক্ত করছি—আমরা যে কোনো পরিস্থিতিতে এটিকে রক্ষা করব এবং প্রতিটি ভারতীয়ের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। সংবিধান দীর্ঘজীবী হোক, ভারত দীর্ঘজীবী হোক!"উল্লেখ্য, ২৬ নভেম্বর জাতীয় সংবিধান দিবস উপলক্ষে এদিন দেশজুড়ে কংগ্রেস ও বিরোধী দলগুলির তরফে সংবিধানের আদর্শ রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার দাবিতে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে।
