
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : সংবিধান দিবস পালন নিয়েই বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কটাক্ষ, যারা নিজেরাই সংবিধান মেনে চলেন না, তাঁদের সংবিধান দিবস পালনের নৈতিক অধিকার নেই। জরুরি অবস্থার সেই ‘কালো দিন’-এর প্রসঙ্গ তুলে কংগ্রেস-সহ বিরোধী শিবিরকে একযোগে নিশানা করেন তিনি। বুধবার বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে কংগ্রেস এবং ইন্ডি জোটের শরিকদের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিগত দিনে যাঁরা সংবিধান মানেননি তাঁরা আজ সংবিধানের কথা বলছেন। মানুষ সব জানে। ভোট পরবর্তী হিংসা দেখেছে সবাই। ৫০ বছর পর রাজ্যে এমন একটা নির্বাচন হয়েছে যেখানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। কেউ আহত হয়ে হাসপাতালে যাননি। ফলতা ছাড়া আর কোথাও রিপোল হয়নি। এর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
কংগ্রেসকে নিশানা করে মুখ্যমন্ত্রীর জানান, সর্বভারতীয় ক্ষেত্রে সংবিধানকে সামনে রেখে যাঁরা লড়ার চেষ্টা করছেন তাঁরা সব নির্বাচনে হেরেছেন। তাঁদের কাছে ২ রকমের নীতি। একই ভোটে তাঁরা কেরলে, তামিলনাড়ুতে জিতলে তাঁদের জয় হয়, এনডিএ হারে। আবার অসম, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রে বিজেপি জিতলে বলে ইভিএমে কারচুপি হয়েছে, গণতন্ত্র বিপন্ন। রাজস্থানে পুরসভা ভোটে হারলে বলে বিজেপি ক্ষমতার অপপ্রয়োগ করেছে। আবার পঞ্চায়েত নির্বাচনে জিতলে বলে, গ্রাম থেকে শুরু হল জয়যাত্রা। সকালে এক, বিকেলে আর এক, রাতে আবার আর এক কথা বলে।
শুভেন্দুর কথায়, “যাঁরা জরুরি অবস্থার কালো দিন ভারতে এনেছিলেন তাঁদের বা তাঁদের সহযোগি ইন্ডি জোটের কোনও অধিকার নেই সংবিধান দিবস পালন করার বা সংবিধানের কথা বলার। যাঁরা শিখ দাঙ্গা করায় তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না। যারা বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে মিছিল করে না, যারা গাজায় সন্ত্রাসবাদীদের উপর বোমা পড়লে মিছিল বের করেন। তাঁদের মুখে সংবিধানের কথা মানায় না।”
