
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টি (এসপি) ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে ক্রমশ বাড়ছে টানাপোড়েন। জোটের অঙ্ক মেলাতে যখন দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে, তখনই প্রকাশ্যে সমাজবাদী পার্টির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। তাঁর একের পর এক আক্রমণাত্মক মন্তব্যে অস্বস্তি বেড়েছে বিরোধী জোটের অন্দরে। এবার সেই বিতর্কে মুখ খুলে দলের সাংসদকে কার্যত সতর্ক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর স্পষ্ট বার্তা, শুধু কথায় নয়, কাজে বেশি গুরুত্ব দিতে হবে। একসঙ্গে কাজ করলেই এগিয়ে যাওয়া সম্ভব।
বৃহস্পতিবার লখনউয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইমরান মাসুদের প্রসঙ্গ তোলেন খাড়গে। তিনি বলেন, টেলিভিশনে প্রায়ই ইমরানকে কথা বলতে শোনা যায়। দলের প্রতি আবেগ থেকেই তিনি অনেক কথা বলেন এবং সংসদেও দলের হয়ে লড়াই করেন। তবে শুধু বক্তব্য রাখলেই হবে না, কাজের উপর বেশি জোর দিতে হবে। যত বেশি একসঙ্গে কাজ করা যাবে, ততই সাফল্যের পথে এগোনো সম্ভব। খাড়গের এই মন্তব্যকে সমাজবাদী পার্টির বিরুদ্ধে ইমরানের লাগাতার আক্রমণের পরিপ্রেক্ষিতে কংগ্রেস হাইকম্যান্ডের সতর্কবার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বিতর্কের সূত্রপাত উত্তরপ্রদেশে আসন বণ্টন নিয়ে। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির কাছে ১৩০টি আসনে লড়ার দাবি জানিয়েছিল কংগ্রেস। কিন্তু পালটা মাত্র ২৬টি আসনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, কংগ্রেসের সঙ্গে আলোচনা চলাকালীনই পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেয় অখিলেশ যাদবের দল। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ।
সমাজবাদী পার্টির এই অবস্থানের তীব্র সমালোচনা করে ইমরান বলেছিলেন, কংগ্রেস কোনও ভিখারি নয় যে অন্য দলের দেওয়া আসনে সন্তুষ্ট থাকতে হবে। জোট মানে দুই শরিকের সমান মর্যাদা এবং পারস্পরিক সম্মান। একতরফা সিদ্ধান্ত নিয়ে কয়েকটি আসন ছেড়ে দেওয়াকে প্রকৃত জোটের রাজনীতি বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। এমনকী অখিলেশ যাদবকে নিশানা করে তাঁর প্রশ্ন ছিল, লড়াইটা বিজেপির বিরুদ্ধে, নাকি জোটসঙ্গী কংগ্রেসের বিরুদ্ধে?
ইমরানের এই মন্তব্যে দুই দলের সম্পর্কের টানাপোড়েন আরও প্রকাশ্যে চলে আসে। তবে বৃহস্পতিবার খাড়গের বক্তব্যে ইমরানের সাংগঠনিক ভূমিকার প্রশংসাও শোনা গিয়েছে। ফলে কংগ্রেস সভাপতি একদিকে সাংসদের দলের প্রতি নিষ্ঠাকে স্বীকৃতি দিয়েছেন, অন্যদিকে প্রকাশ্যে শরিক দলের বিরুদ্ধে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তরপ্রদেশে বিজেপিকে মোকাবিলা করতে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন বণ্টন নিয়ে মতবিরোধ থাকলেও প্রকাশ্যে সংঘাত বাড়লে তার প্রভাব বিরোধী জোটের নির্বাচনী সম্ভাবনায় পড়তে পারে। এখন দেখার, খাড়গের বার্তার পর দুই দলের আসন সমঝোতার জট কাটে কি না। নাকি ২০২৭-এর ভোটের আগেই বিরোধী জোটের অন্দরের এই সংঘাত আরও বড় রাজনৈতিক সংকটের চেহারা নেয়।
