KIFF 2026: দুবাইয়ে ‘সঞ্জু বাবার’ দরবারে হিরণ, পা ছুঁয়ে প্রণাম করে জানালেন ফিল্ম ফেস্টিভ্যালের আমন্ত্রণ

Hiran Meets Sanjay Dutt in Dubai
Hiran Meets Sanjay Dutt in Dubai

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সিনেপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর পর্দা উঠতে চলেছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের উৎসবকে ঘিরে তারকাদের উপস্থিতি নিয়ে বাড়ছে জল্পনা। শীতের কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড থেকে দক্ষিণী ছবির জগতের একাধিক মহাতারকার সমাবেশ ঘটতে পারে বলে খবর। সলমন খান, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, অনুপম খের থেকে শুরু করে রজনীকান্ত ও প্রভাসের মতো তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। সেই তালিকায় রয়েছেন অভিনেতা সঞ্জয় দত্তও। তাঁকে কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানাতে এবার সুদূর দুবাইয়ে তাঁর বাড়িতে হাজির হলেন অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। তাঁর এই উদ্যোগ ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে টলিপাড়ায়।

শুক্রবার সঞ্জুবাবার সঙ্গে তাঁর দুবাইয়ের বাসভবনে দেখা করেন শ্যামপুরের তারকা বিধায়ক। সেখানেই আলাপচারিতা সারার পর আড্ডার ফাঁকে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলিউড অভিনেতাকে আমন্ত্রণ জানান হিরণ। সাক্ষাতের মুহূর্ত নিজেই ভাগ করে নিয়েছেন সোশাল মিডিয়ায়। সেখানেই সঞ্জুবাবাকে পাশে নিয়ে বাংলার তারকা বিধায়ককে বলতে শোনা যায়, “আমি এখন দুবাইয়ে সঞ্জয়জির বাড়িতে রয়েছি। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আমাদের চলচ্চিত্র উৎসব। আমি চাই আপনি ১৬ তারিখ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকুন। সবথেকে বড় কথা হল, আপনার (সঞ্জয় দত্ত) মায়ের জন্মভূমিও কলকাতা। তাই আপনার কাছে যদি সময় থাকে, আপনি প্লিজ আসবেন।” হিরণ চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে তৎক্ষণাৎ সঞ্জয় দত্ত জানান, “আমি একশো শতাংশ উপস্থিত থাকব।”

সঞ্জয় সাক্ষাতের পর হিরণের মন্তব্য, ‘দুবাইয়ে বিশিষ্ট বলিউড অভিনেতাসঞ্জয় দত্তের বাসভবনে তাঁর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের সুযোগ হল। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে সাদর আমন্ত্রণ জানালাম। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেখা হল। ভারতীয় চলচ্চিত্র জগতের এই বিশিষ্ট অভিনেতার সঙ্গে কিছু মূল্যবান মুহূর্ত ভাগ করে নিতে পেরে ভালোও লাগল। আশা করি, কলকাতার এই ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতি আমাদের উৎসবকে আরও সমৃদ্ধ করবে।’ উল্লেখ্য, ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পিআর এবং মিডিয়া সাব কমিটির চেয়ারম্যান হিরণ। সেই প্রেক্ষিতেই সঞ্জয় দত্তকে আমন্ত্রণ জানাতে দুবাইয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…