
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সমাজসংস্কার, জীবনদর্শন কিংবা মূল্যবোধ—বিভিন্ন বিষয়ে বরাবরই নিজের স্পষ্ট ও যুক্তিনির্ভর মতামত তুলে ধরেছেন প্রবীণ গীতিকার জাভেদ আখতার। তাঁর প্রতিবাদী মনোভাবের কারণে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন তিনি। তবে এবার অন্য সুর শোনা গেল বর্ষীয়ান এই গীতিকারের কণ্ঠে। নিজের অতীত জীবনের দিকে ফিরে তাকিয়ে অনুশোচনায় ভুগছেন জাভেদ। অতীতে নিজের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য নিজেকেই কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।
একসময়ে নিত্যদিন মদ্যপানের অভ্যেস ছিল প্রবীণ চিত্রনাট্যকারের। তবে গত তিন দশকেরও বেশি সময় ধরে মদ ছুঁয়ে দেখেননি। কিন্তু অতীতের ওই পনেরোটা বছর আজও কুরে কুরে খায় জাভেদ আখতারকে! এবার সেপ্রসঙ্গেই বরখা দত্তের ইউটিউব চ্যানেল ‘মোজো স্টোরি’তে মুখ খুললেন বলিউডের প্রবীণ গীতিকার তথা চিত্রনাট্যকার। জাভেদ জানান, ওই পনেরাটা বছর যদি তিনি মদ্যপান না করে ব্যক্তিগত, পেশাগতজীবনে, এমনকী দক্ষতা অর্জনের পিছনে ব্যয় করতেন, তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হত। সেকথা বলেই আক্ষেপ প্রকাশ করলেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকারকে বরখা প্রশ্ন করেছিলেন, তাঁর জীবনে কি কোনও আক্ষেপ রয়েছে? সেকথার উত্তরেই জাভেদের মন্তব্য়, “আমার অনেক আক্ষেপ! প্রায় ১৫ বছর সময় নষ্ট করেছি আমার মদ্যপান এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে। সেই সময়টা অনেক বেশি গঠনমূলক কাজে ব্যয় করতে পারতাম। যেমন— গান শেখা বা নতুন ভাষা আয়ত্ত করা। কিছু মানুষের সঙ্গে আরও সংবেদনশীল আচরণ করতে পারতাম।”

রোজ মদ্যপানের জন্য তাঁর ব্যক্তিগত সম্পর্কেও যে যে প্রভাব পড়েছিল, তা নিয়েও অনুতপ্ত জাভেদ আখতার। বললেন, “প্রতি রাতে প্রায় এক বোতল মদ পান করতাম। আমার প্রাপ্তবয়স্ক জীবনে আমি যত বড় বড় ভুল করেছি, তার সবই ছিল মদের প্রভাবে। মাঝে মাঝে ভাবি, আমি যদি মদ্যপান না করতাম, তবে হয়তো এত ভুল আমার হত না। ১৯৯১ সালের ৩১ জুলাই শেষবারের মতো মদ্যপান করেছিলাম। সেই তারিখটা আজও আমার মনে রয়েছে।”
