
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর ছুটিতে কোথায় যাবেন, এখনও ঠিক করে উঠতে পারেননি? তাহলে আপনার ভ্রমণ তালিকায় থাকতেই পারে কেরল। অক্টোবর মাসে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে আরও মোহময় হয়ে ওঠে ‘ঈশ্বরের আপন দেশ’। সারা বছরই পর্যটকদের আকর্ষণ করে কেরলের পাহাড়, ঝরনা ও সবুজের সমারোহ। তবে এই সময় ঘন সবুজে ঢাকা পাহাড়, প্রাণচঞ্চল ঝরনা আর মনোরম আবহাওয়া মিলিয়ে কেরলের সৌন্দর্য যেন পায় এক নতুন মাত্রা।
বর্ষা বিদায় নেওয়ার পরই কেরলজুড়ে যেন সবুজের গালিচা। টানা কয়েক মাস বৃষ্টির পর মুন্নারের চা-বাগান, ওয়ানড়ের অরণ্য এবং আলেপ্পির আশেপাশের গ্রামীণ এলাকাগুলো হয়ে ওঠে সতেজ ও রঙে রঙে রঙিন! তাছাড়া এই সময় তাপমাত্রা কিছুটা কমে আসে। বাতাসে আর্দ্রতার পরিমাণও হ্রাস পায়। প্রকৃতিপ্রেমীরা তো বটেই, যে কেউই এই সময় এখানে এলে মোহিত হয়ে যাবেন। আবার আলোকচিত্রীরা খুঁজে পান তাঁদের স্বপ্নের ফ্রেম।
যেহেতু তীব্র গরম বা অবিরাম বৃষ্টির চিন্তা নেই, তাই নিশ্চিন্তে পর্যটকরা স্থানীয় বাজার, ঐতিহাসিক স্থান, সমুদ্রসৈকত এবং পাহাড়ি এলাকাগুলি ঘুরে দেখতে পারবেন। তাছাড়া ডিসেম্বর বা জানুয়ারির মতো সময়ে যখন বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রচুর ভিড় থাকে। সেই তুলনায় এই সময় বেশ ফাঁকা। দর্শনীয় স্থান থেকে হোটেল, নিরিবিলিতে থাকতে পারেন পর্যটকরা।
এই সময় 'আউটডোর' করার জন্য একেবারে আদর্শ সময়। অরণ্যে সাফারি হোক কিংবা গ্রাম্য পথে হাঁটা— অক্টোবর মাসে এই ধরনের আউটডোর কার্যক্রমগুলি অসম্ভব উপভোগ্য হয়ে ওঠে। আগেই বলা হয়েছে বর্ষা-পরবর্তী সতেজ ও মনোরম পরিবেশের কথা। তাছাড়া নদী, হ্রদ ও জলপ্রপাতগুলো থাকে কানায় কানায় পূর্ণ। সব মিলিয়ে কেরল অক্টোবরে সত্যিই অসামান্য উপভোগ্য।

যদি এর আগে আপনি কেরলে না এসে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা যে আরও বর্ণিল হয়ে উঠবে তা নিঃসন্দেহে বলাই যায়। সেক্ষেত্রে আপনার ভ্রমণ শুরু করতে পারেন রাজধানী তিরুবনন্তপুরম থেকে। কোভালামের সৈকতে সূর্যাস্ত এক আশ্চর্য দৃশ্য তৈরি করে। পাশাপাশি এখানকার ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতির সংস্পর্শ আপনার কেরল সফরকে স্মরণীয় করে তুলবে।
এছাড়াও অবশ্যই ঘুরে আসুন আলেপ্পি। ঐতিহ্যবাহী হাউসবোটে করে খাল ও জলপথে ভেসে চলুন। দেখবেন ছোট গ্রাম ও দীর্ঘ নারকেল গাছের সারি আপনাকে স্বাগত জানাচ্ছে। আর রয়েছে স্থানীয় মানুষদের জীবনযাত্রা। আবার যেতে পারেন মুন্নারেও। পশ্চিমঘাটের পাহাড়ঘেরা পরিবেশে নিজেকে আবিষ্কার করুন নতুন করে। 'ঈশ্বরের আপন দেশ' কিন্তু আপনারই প্রতীক্ষায়।
