Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Festival and celebrations

52 minutes ago

Durga Puja 2026: ঢাক-ঢোল বন্ধের ফতোয়া, গরান কাঠের বেড়ায় ইংরেজদের জবাব দিয়েছিলেন রানি রাসমণি

Rani Rashmoni Durga Puja
Rani Rashmoni Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শরতের আকাশে তখন ঢাকের বাদ্যি আর শঙ্খধ্বনিতে মুখর চারপাশ। জানবাজারের রাজবাড়িতে মহামায়ার আগমন ঘিরে উৎসবের আবহ, ভক্তির জোয়ার। কিন্তু সেই আনন্দের রেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বাঙালির দুর্গোৎসবের ঐতিহ্যবাহী শোভাযাত্রা আচমকাই বাধার মুখে পড়ে। ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা করা যাবে না বলে নির্দেশ জারি করে তৎকালীন ইংরেজ পুলিশ। কিন্তু প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা রানি রাসমণি সেই নিষেধাজ্ঞার সামনে মাথা নত করেননি। মা ভবতারিণীর সাধিকা রানি রাসমণির সাহস, দৃঢ়তা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতাই তাঁকে আলাদা করে তুলেছিল। ইংরেজ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে জানবাজারের দুর্গোৎসবের ঐতিহ্য বজায় রাখার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর সেই দৃঢ় অবস্থানেই সেদিন ফের গর্জে উঠেছিল জানবাজারের রাজবাড়ি।

১৭৯০ সালে জানবাজারের এই ঐতিহাসিক পুজোর সূচনা করেছিলেন রানির শ্বশুর প্রীতিরাম দাস। পরবর্তীতে ১৮৩৬ সালে সংসারের পাশাপাশি পুজোর ব্যাটনও নিজের হাতে তুলে নেন রাসমণি। রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো তৎকালীন দিক্‌পালদের পদধূলিতে ধন্য হত এই রাজবাড়ি। এই বাড়ির পুজোর মহিমা অনন্য। একচালার প্রতিমা গঠনে থাকে শিল্প নৈপুণ্যের স্পর্শ। কোনও ছাঁচ নয়, লালু চিত্রকরের হাতের স্পর্শে রূপ পায় তপ্তকাঞ্চনবর্ণা দেবী। শোলার সাজে সজ্জিত মহামায়ার বোধন শুরু হয় প্রতিপদ থেকেই। চলে দীর্ঘ আট দিন ধরে। ষষ্ঠীতে দেবীপ্রতিমার চক্ষুদান এবং সপ্তমী থেকে নবমীর পুজোয় ভক্তি ও নিষ্ঠার অপূর্ব মিলন ঘটে।

কিন্তু সেবার পুজোর শোভাযাত্রা ঘিরে বাধল চরম বিতর্ক। সাহেবদের নির্দেশ— শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের গর্জন বন্ধ করতে হবে। ব্রিটিশদের পরাক্রমের সামনে তখন বড় বড় রাজা-জমিদারদের হাঁটু কাঁপে। অথচ রানি রাসমণি ছিলেন সম্পূর্ণ ভিন্ন ধাতুতে গড়া। তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, এ পুজো জগজ্জননীর। মায়ের আরাধনার পথে বাধা দেওয়ার এক্তিয়ার কারও নেই। সাহেবদের ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দ্বিগুণ শব্দে ঢাক-ঢোল বাজিয়ে শোভাযাত্রা বের করার নির্দেশ দিলেন রানি। পরিণামে জুটল ৫০ টাকার জরিমানা। রানি নীরবে সেই জরিমানা মেটালেন। কিন্তু তা অন্যায়ের কাছে আত্মসমর্পণ ছিল না, ছিল এক মোক্ষম কৌশলের প্রথম ধাপ।

এর পরই আসল খেল দেখালেন জানবাজারের রানি। বাবুঘাট থেকে জানবাজার পর্যন্ত তাঁর নিজস্ব মালিকানাধীন রাস্তার মুখে তিনি বসিয়ে দিলেন বিশাল গরান কাঠের বেড়া। নথিপত্র এবং আইনি দলিলে সেই রাস্তার সার্বিক মালিকানা ছিল রানিরই। ফলে রাতারাতি বন্ধ হয়ে গেল সাহেবদের গাড়ি চলাচল। অচল হয়ে পড়ল শহরের অন্যতম প্রধান বাণিজ্যপথ। রানি বুঝিয়ে দিলেন— ক্ষমতা থাকলেই ন্যায় বিচার হয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। বিপাকে পড়ে নতিস্বীকার করতে বাধ্য হল ব্রিটিশ প্রশাসন। স্বসম্মানে রাস্তা খুলে দেওয়ার অনুরোধ নিয়ে ছুটল পুলিশের বড়কর্তারা। ফেরত দেওয়া হল জরিমানার টাকাও। ধর্মের সঙ্গে স্বাধিকার রক্ষার এই লড়াই আজও কলকাতার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। রানি রাসমণির পুজো কেবল ধূপ-ধুনো, প্রদীপ আর আরতির আচার-অনুষ্ঠান ছিল না, তা হয়ে উঠেছিল আত্মমর্যাদা ও অধিকার রক্ষার এক অপরাজেয় প্রতীক।


You might also like!