Country

57 minutes ago

Jaipur Demolition Drive: জয়পুরে বড়সড় উচ্ছেদ অভিযান, রাস্তা চওড়া করতে ভাঙা পড়ল ২৬০টি নির্মাণ

Major eviction drive in Jaipur
Major eviction drive in Jaipur

 

জয়পুর, ৫ অক্টোবর : রাজস্থানের রাজধানী জয়পুরে বেআইনি দখল ও অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাল জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার নিউ সাঙ্গানের রোডকে প্রায় ১৬০ ফুট চওড়া করার লক্ষ্য নিয়ে বুলডোজার নামিয়ে ভেঙে ফেলা হলো আনুমানিক ২৬০টি নির্মাণ। তবে হাইকোর্টের নির্দেশে চালানো এই অভিযান নিয়ে প্রশাসনিক গাফিলতি ও সীমানা নির্ধারণের ভুলত্রুটির অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধেই সরাসরি তোপ দেগেছেন শাসকদলের বিধায়ক।

জেডিএ সূত্রে খবর, নিউ সাঙ্গানের রোডের যানজট সমস্যা মেটাতে এবং রাস্তাটিকে প্রায় ১৬০ ফুটে সম্প্রসারিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গুজ্জর কি থাডি এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা প্রায় ২৬০টি দোকান, বাড়ি ও বিভিন্ন অবৈধ কাঠামোর বিরুদ্ধে এই ভাঙার কাজ চালানো হয়। যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

তবে প্রশাসনের এই ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক গোপাল শর্মা। জেডিএ-র কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "জয়পুর হাইকোর্টের নির্দেশ মেনে গুজ্জর কি থাডির এক কিলোমিটার এলাকার মধ্যে এই অভিযান চালানো হচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা হলো বহু মানুষের কাছে বিগত ৪০ বছরের বৈধ কাগজপত্র রয়েছে। সীমানা নির্ধারণে বড়সড় গলদ করা হয়েছে এবং সেই সংক্রান্ত প্রমাণপত্র সরকারের কাছে জমাও দেওয়া হয়েছে।" জেডিএ-র উদাসীন মনোভাবকে কাঠগড়ায় তুলে তিনি আরও অভিযোগ করেন, "হাইকোর্ট কোনো নির্দেশ দিলে এবং শুনানির দিন এগিয়ে এলেই জেডিএ হঠাৎ করে সক্রিয় হয়ে এমন অভিযান শুরু করে। প্রকৃতপক্ষে জয়পুরে অবৈধ দখলের এই পরিস্থিতির জন্য জেডিএ-র এই ধরনের মনোভাব ও গাফিলতিই প্রধানত দায়ী।"

You might also like!