West Bengal

58 minutes ago

Katwa BJP controversy: ‘সুন্দরী মহিলাদের দলে না আনলে…’, বিজেপি নেতার মন্তব্য ঘিরে কাটোয়ায় বিক্ষোভ

Massive protests by women in Katwa
Massive protests by women in Katwa

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘সুন্দরী ও শিক্ষিত মহিলাদের দলে না আনলে পুরনো মহিলা কর্মীদের ছাঁটাই করে দেওয়া হবে’— বিজেপির কাটোয়া নগর সভাপতি সুমন দেবনাথের বিরুদ্ধে এমনই মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে দলের অন্দরেই শুরু হয়েছে তীব্র অসন্তোষ। নগর সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপির একাংশের নেতা-কর্মীরা। রবিবার রাতে কাটোয়ায় দলীয় কার্যালয়ের সামনে সুমন দেবনাথকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপির মহিলা ও পুরুষ কর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের তরফে নগর সভাপতির পদত্যাগের দাবিও তোলা হয়। অভিযোগকে কেন্দ্র করে কাটোয়া বিজেপির সাংগঠনিক পরিসরে নতুন করে তৈরি হয়েছে চাপানউতোর।

অভিযোগ, দলের পুরনো মহিলা নেতা-কর্মীদের পরিবর্তে সুন্দরী ও শিক্ষিত মহিলাদের দলে এনে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন সুমন। পাশাপাশি, দলীয় কর্মসূচিতে পুরনো মহিলা কর্মীদের যথাযথ সম্মান না দিয়ে সম্প্রতি দলে যোগ দেওয়া মহিলাদের গুরুত্ব দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। বিক্ষোভকারীদের একাংশের দাবি, এ ধরনের মন্তব্যে তাঁরা অপমানিত ও ক্ষুব্ধ। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কাটোয়া শহরের বিজেপির নগর সভাপতির কার্যালয়ের সামনে একাধিক নেতা-কর্মী জড়ো হন। সেই সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন সুমন। তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দলের মহিলা নেত্রী ও কর্মীদের একাংশ। রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চলে। তাঁর বিরুদ্ধে কাটমানি নেওয়া এবং মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও তোলা হয়। 

এই ঘটনার কয়েকদিন আগেই কাটোয়ার বিএলআরও দপ্তরের এক কর্মীর কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল সুমন-সহ বিজেপির পাঁচ নেতার বিরুদ্ধে। সেই অভিযোগের রেশ কাটতে না কাটতেই ফের নগর সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হলেন দলেরই একাংশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমন। তাঁর বক্তব্য, ‘‘কোনও অভিযোগ থাকলে দলের কোর কমিটি এবং উচ্চ নেতৃত্বকে জানাতে হয়। আমাকে হেনস্থা করে বিষয়টি প্রচারে আনা ছাড়া কিছুই হচ্ছে না। এ ভাবে আমাকে ভয় দেখানো বা চমকানো যাবে না।’’এই বিষয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 


You might also like!