West Bengal

3 hours ago

Tigress Released at Buxa Forest: ‘নামেই ছিল টাইগার রিজার্ভ’, বক্সায় দু’মাসে আরও ৩ বাঘ! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari at Buxa Forest
CM Suvendu Adhikari at Buxa Forest

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   অবশেষে পূরণ হল দীর্ঘদিনের অপেক্ষা। উত্তরের জঙ্গলে ফের শোনা গেল বাঘের গর্জন। আগেই ঘোষণা করা হয়েছিল, ২ অক্টোবর বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ ছাড়া হবে। সেই পরিকল্পনা অনুযায়ী বিহারের বাল্মিকী টাইগার রিজার্ভ থেকে আনা একটি বাঘিনীকে বৃহস্পতিবার বক্সার জঙ্গলে ছাড়া হল। সেই মুহূর্তের সাক্ষী থাকলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বক্সায় বাঘের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা, আগামী দু’মাসের মধ্যে আরও তিনটি বাঘ বক্সা ব্যাঘ্র প্রকল্পে ছাড়া হবে। একই সঙ্গে জয়ন্তী সংলগ্ন প্রায় ২ হাজার একর জমিতে বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের জন্য জমি পরিদর্শনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় বনমন্ত্রী।

এদিন আলিপুরদুয়ার থেকে উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকারকেও আক্রমণ শানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ”আগে নামেই টাইগার রিজার্ভ ছিল। কিন্তু সেখানে কোনও টাইগার ছিল না।” তা বলতে গিয়েই আগের তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”আগের সরকারের কোনও ইচ্ছে ছিল না। শুধু ঝগড়া করত। কিন্তু ২০০৯ থেকে আপনারা আমাদের পাশে আছেন। একাধিক সাংসদ দিয়েছেন।” এরপরেই শুভেন্দুর বার্তা, উন্নয়নের মাধ্যমেই এই ঋণ শোধ করা হবে। এক্ষেত্রে কোনও খামতি রাখা হবে না। স্বচ্ছতার সঙ্গেই সমস্ত কাজ করা হবে।  

শুভেন্দু অধিকারী বলেন, আলিপুরদুয়ারকে সাজাতে ডবল ইঞ্জিন সরকার কাজ করবে। উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ৪টি মেডিক্যাল কলেজ হচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং এবং বালুরঘাটও রয়েছে। পাশাপাশি উৎসবের আবহে চা বাগানগুলিতে ২০ শতাংশ বোনাস দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বন্ধ চা বাগানগুলি খোলা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”চা বাগানগুলি উন্নয়নের জন্য ২০২১ সালেই বিপুল বরাদ্দ করেছিল কেন্দ্র। সেই টাকা নিয়ে অসম সরকার কাজ করছে। কিন্তু আগের সরকার কিছুই করা হয়নি। কিন্তু বর্তমান সরকার ১২৫ দিনের মধ্যে চা বাগান শ্রমিকদের জন্যে ৩১২ কোটি টাকা অনুমোদন করে এনেছে।”

তবে পুজো মিটলেই ফের উত্তরবঙ্গে সফরে যাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”আগামী ১৫ নভেম্বর আলিপুরে আসব। জনজাতি গোষ্ঠীর দিবসে যোগ দেব। তার আগে প্রশাসনিক বৈঠক করব আলিপুরদুয়ারে।” জনজাতি গোষ্ঠীদের ঠিকানা টোটোপাড়া। সেখানেই আগামী ১৫ তারিখ যাবেন বলে জানান শুভেন্দু অধিকারী।

You might also like!