
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা, একাধিক বিতর্ক এবং বারবার নাম পরিবর্তনের পর অবশেষে কিছুটা স্বস্তির খবর পেলেন সলমন খান। ২০২০ সালের ভারত-চিন গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে তৈরি তাঁর যুদ্ধভিত্তিক ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ দীর্ঘ আইনি ও রাজনৈতিক জটিলতার মুখে পড়েছিল। সেই বাধা পেরিয়ে এবার ছবিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে এনওসি বা অনাপত্তিপত্র পেয়েছে বলে সূত্রের খবর। ছবিটির নির্মাণ ও মুক্তি ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়েছিল। একাধিক বার ছবির নাম পরিবর্তনও করা হয়। অবশেষে মন্ত্রকের এনওসি পাওয়ার খবর প্রকাশ্যে আসায় ছবিটির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন নির্মাতারা ও সলমন-অনুরাগীরা। প্রাথমিকভাবে ছবিটি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটে গিয়ে এখন ছবিটির দ্রুত মুক্তির পথ পরিষ্কার হয়েছে।
কেন আটকে ছিল 'মাতৃভূমি' এবং কী কী বদল এল?
ছবিটি আগে ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan) নামে ঘোষিত হয়েছিল। তবে ভূ-রাজনৈতিক সংবেদনশীলতা ও চীনবিরোধী তীব্র অবস্থানের কারণে প্রতিরক্ষা মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের পর্যবেক্ষণে ছবিটি থমকে যায়।
পুনরায় শুটিং ও চিত্রনাট্য পরিবর্তন: সরকারি নির্দেশের পর ছবির স্ক্রিপ্টে ব্যাপক পরিবর্তন আনা হয় এবং বেশ কিছু দৃশ্য নতুন করে শুট করা হয়।
সম্পর্কের ইতিবাচক দিক: নতুন সংস্করণে চীনবিরোধী উগ্র মানসিকতা বাদ দিয়ে ভারত-চীনের সম্পর্কের ইতিবাচক ও শান্তির দিকটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন এই পরিবর্তিত রূপ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ছবিটি ছাড়পত্র দিয়েছেন।

সম্ভাব্য মুক্তির তারিখ: ১৩ই নভেম্বর, তথ্য-সম্প্রচার মন্ত্রকের থেকে সবুজ সংকেত পাওয়ার পর সলমন খান ও ছবির প্রযোজনা সংস্থা এখন নতুন মুক্তির তারিখ চূড়ান্ত করার কাজ করছেন।
দীপাবলি পরবর্তী উইকএন্ড: সলমন খান আগামী ১৩ই নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা করছেন। দীপাবলি উৎসবের আবহকে কাজে লাগিয়ে ছবিটি বড় পর্দায় আনার কথা ভাবছে টিম।
সেন্সর বোর্ডের ছাড়পত্র: খুব শীঘ্রই ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর কাছে জমার প্রক্রিয়া শেষ করা হবে। চলতি মাসের মধ্যে সেন্সর পারমিশন পেয়ে গেলেই নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি দেখা যাবে।
ছবির নেপথ্যে ও কলাকুশলী: সলমন খান ফিল্মস-এর ব্যানারে সালমা খান প্রযোজিত এবং অপূর্ব লাখিয়া নির্দেশিত এই ছবিতে সলমান খানের বিপরীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। যুদ্ধের ভয়াবহতার বদলে শান্তির বার্তা নিয়ে তৈরি এই বিগ-বাজেট সিনেমাটি ঘিরে সিনেপ্রেমীদের মধ্যে আবার তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
