
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে, শুরু হয়েছে উৎসবের কাউন্টডাউনও। ক্যালেন্ডার বলছে, মর্ত্যে উমার আগমনের অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। তবে উৎসবের আনন্দ কি আর নির্দিষ্ট দিন-ক্ষণ মেনে আসে! পুজোর গন্ধ এখনই ছড়িয়ে পড়েছে বাংলার আকাশে-বাতাসে। কোথাও মণ্ডপসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও আলোর রোশনাই, আবার কোথাও নতুন পোশাকে প্যান্ডেল হপিংয়ের পরিকল্পনা। মহালয়ার আবহ পেরিয়ে বাঙালি এখন মেতে উঠেছে বছরের সেরা উৎসব দুর্গাপুজোর আনন্দে।পুজো শুরুর আগেই সোশাল মিডিয়ায় মণ্ডপের ভিডিয়ো আর ছবির ছড়াছড়ি। তার মধ্যে কয়েকটি থিম নিয়ে সবচেয়ে বেশি চর্চা।
চোরবাগান সর্বজনীন (উত্তর কলকাতা): প্রায় ৯১ বছরের পুরনো এই পুজোর মণ্ডপের ভিডিয়ো ভাইরাল। রঙিন আলো, সূক্ষ্ম কারুকাজের প্রতিমা আর আধুনিক প্রযুক্তিতে তৈরি সজ্জা দেখে অনেকেই বলছেন, এ যেন "ভবিষ্যতের দৃশ্য"।

চেতলা অগ্রণী (দক্ষিণ কলকাতা): এবারের থিম "বিশ্বরূপে বিশ্বরূপিণী"। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আর দেবী দুর্গার শক্তিকে মিলিয়ে দেবীকে দেখানো হয়েছে গোটা বিশ্বের রক্ষাকর্ত্রী ও আত্মত্যাগী মা হিসেবে। কমিটির সদস্য সৃজিতা দাস জানান, শিল্পীরা দীর্ঘ সময় ধরে খেটে এই থিম গড়ে তুলেছেন।

রাজডাঙা নব উদয় সংঘ (দক্ষিণ কলকাতা): থিম "শোধন"। উৎসবের বাইরে গিয়ে শুদ্ধি, রূপান্তর আর নতুন করে শুরু করার কথা ভাবায় এই মণ্ডপ।

সুব্রত সংঘ (শিলিগুড়ি): ৬৯তম বর্ষে থিম "আদি শক্তি"। মণ্ডপে বিশাল শিবমূর্তি আর কৈলাস পর্বতের প্রতিরূপ। কমিটির সদস্য অসীম কুমার সেনগুপ্ত বলেন, সৃষ্টির শুরু থেকেই যে শক্তি বিশ্বে বিরাজমান, সেই নিরাকার শক্তির আরাধনাই এই থিমের মূল কথা। ভিড় সামলাতে থাকছে পুলিশ, বেসরকারি নিরাপত্তারক্ষী আর স্বেচ্ছাসেবক।

