
আরামবাগ (পশ্চিমবঙ্গ), ১৮ অক্টোবর : কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় হুগলি জেলার আরামবাগে নেমে এল গভীর শোকের ছায়া। মণ্ডপ দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে একই পরিবারের তিনজন সদস্যের করুণ মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আরামবাগের মালয়পুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়া গ্রামের গৃহবধূ পিয়ালী প্রামাণিক, তাঁর ননদ টগর বেজ এবং টগরের নাবালক ছেলে সন্দীপ বেজ।
নিহতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, পুজো পরিক্রমার উদ্দেশ্যে দিন দুয়েক আগে তাঁরা কলকাতা গিয়েছিলেন। শনিবার সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পূজা মণ্ডপে প্রতিমা দর্শন ও থিম দেখতে গিয়েছিলেন তাঁরা। মণ্ডপের মৃদু আলো এবং অতিরিক্ত ভিড়ের মধ্যে আচমকাই হঠাৎ বৃষ্টি শুরু হয়। সেই সময় পুজো কমিটির পক্ষ থেকে মাইকে ঘোষণা করে দর্শনার্থীদের দ্রুত ও নিরাপদে মণ্ডপ খালি করে বাইরে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর সেই ঘোষণার পরই বাইরে বের হওয়ার জন্য উপস্থিত জনতার মধ্যে হুড়োহুড়ি ও চরম বিশৃঙ্খলা শুরু হয়ে যায়।
পিয়ালী প্রামাণিকের এক আত্মীয় অশ্রুসিক্ত কণ্ঠে জানান, মণ্ডপ থেকে বাইরে বের হওয়ার তাড়াহুড়োর মাঝেই পদপিষ্ট হওয়ার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে মাটিতে পড়ে গিয়ে পিষে যান পিয়ালীদেবী, তাঁর ননদ টগর ও শিশু সন্দীপ। পরবর্তীতে উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। উৎসবের মরশুমে একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক পরিণতিতে গোটা বালিয়া গ্রামে নেমে এসেছে স্তব্ধতা ও কান্নার রোল। শোকে মুহ্যমান পরিবার ও পরিজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন গ্রামবাসীরা।
