
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের পুলিশের হাজিরার নোটিস এড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুরকর্মী ও পুলিশের কাজে বাধা দেওয়া এবং তাঁদের হেনস্তার অভিযোগে রবিবার অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দিয়েছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। সেই নোটিসে সোমবার সকাল ১০টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও থানায় যাননি তৃণমূল সাংসদ। সূত্রের খবর, হাজিরার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে শেক্সপিয়র সরণি থানায় ইমেল পাঠিয়েছেন অভিষেক। এরপরই ফের তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশ। এবার বুধবার থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নতুন করে নোটিস দেওয়া হয়েছে তাঁকে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খুলতে গেলে পুরকর্মীদের কাজে বাধা দেওয়া হয়। এমনকী পুলিশ ও পুরকর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে অভিষেকের বিরুদ্ধে ৩টি মামলা রুজু করে পুরসভা। এর আগেও পুরসভার দায়ের করা একটি মামলায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। পুরসভার আরও একটি এফআইআরের ভিত্তিতে এদিন শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিন থানায় না গিয়ে পুলিশকে মেল করে বাড়তি সময় চান অভিষেক।
উল্লেখ্য, ২৭ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় একপ্রস্থ। অভিযোগ, অভিষেকের অফিসে ঢুকতে গেলে কলার ধরে পুলিশকে মারধর করা হয়। ধস্তাধস্তিতে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান। পুরকর্মীদেরও বারবার বাধা দেওয়া হয়। করা হয় মারধরও। কলকাতা পুরসভার দাবি ওই বিলবোর্ডটি ‘বেআইনি’। শেষ পর্যন্ত অবশ্য কোনও বাধাই কাজে আসেনি। বিলবোর্ড খুলে দেয় পুরসভা। পুলিশ ও পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তাঁদের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিষেক-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে কলকাতা পুরসভা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তলব করলেও হাজিরা দিলেন না অভিষেক। এখন দেখার, বুধবার পুলিশের তলবে সাড়া দেন কি না ডায়মন্ড হারবারের সাংসদ?
