
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীর কাছে ফের তেলবাহী জাহাজে হামলার অভিযোগ ঘিরে বাড়ল উদ্বেগ। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী পরপর দুটি জাহাজ লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন দু’জন ভারতীয় নাবিক। নতুন করে এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। হামলার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করেছে মন্ত্রক। পাশাপাশি, সংঘাতের পথে না হেঁটে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উপর জোর দিয়েছে নয়াদিল্লি।
জানা গিয়েছে, রবিবার নিকারাগুয়া ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী দুটি জাহাজ নোঙর করা ছিল ওমান উপকূলে। দুটি জাহাজেই ছিলেন ১১ জন করে ভারতীয় নাবিক। হামলার ঘটনার পর থেকে নিখোঁজ বীর বাহাদুর যাদব ও অমিত সিং নামে দুই ভারতীয় নাবিকের। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ওমানের উপকূলরক্ষী বাহিনী। বিষয়টি প্রকাশ্যে আসার পর সোমবার ঘটনার নিন্দা করে বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ভারতীয় নাবিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এই ঘটনা আগামী দিনে হরমুজ সংলগ্ন এলাকার পরিস্থিতি আরও খারাপ করবে। তাই অবিলম্বে এই হামলা বন্ধ করা দরকার।’
পাশাপাশি হরমুজ-সহ আন্তর্জাতিক জলপথগুলিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক বলেছে, “আন্তর্জাতিক আইন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ করতে হবে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে যাবতীয় সমস্যার সমাধান করতে হবে।”
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর থেকে উত্তপ্ত হরমুজ প্রণালী। এরপর থেকে উত্তপ্ত হরমুজ। আমেরিকার নির্বাচন পর্যন্ত ইরানে কোনও হামলা চালানো হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও, ইরানের হামলা অব্যাহত হরমুজে। এর আগেও ভারতীয় জাহাজ সেখানে আক্রান্ত হয়েছে। গত ৯ অক্টোবর পানামার পতাকাবাহী একটি জাহাজে অনুরূপ ড্রোন হামলা হয়েছিল ওমান উপকূলের কাছে। তাতে ২২ জন ভারতীয় ছিলেন। তবে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন।
