
প্যান্ডেলে প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি, কেনাকাটাতেও ব্যস্ততা তুঙ্গে। দুর্গোৎসব শেষ হলেই শুরু হবে আলোর উৎসব দীপাবলি ও মা কালীর আরাধনার তোড়জোড়। তবে এ বছর কালীপুজো কবে? কোন দিন পালিত হবে দীপাবলি, আর কবে ভাইফোঁটা? উৎসবের দিনক্ষণ জানতে এখন থেকেই কৌতূহলী বহু মানুষ। ২০২৬ সালের পুজোর ক্যালেন্ডার অনুযায়ী, ৮ নভেম্বর রবিবার কালীপুজো ও দীপাবলি এবং ১১ নভেম্বর বুধবার ভাইফোঁটা পালিত হবে।
প্রায় গোটা দেশে দীপাবলির উত্সব চলে পাঁচ দিন ধরে।
প্রথম দিন কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধন ত্রয়োদশী। এ দিন সোনা-রুপোর গয়না, বাসন, ঝাড়ু- এই সব কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এর পরের দিন পালিত হয় ভূত চতুর্দশী। এ দিন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত আছে।
দীপাবলির তৃতীয় দিনে কার্তিক অমাবস্যার পূণ্য তিথিতে বাঙালিরা মেতে ওঠেন মা কালীর আরাধনায়। অনেকে এ দিন দ্বীপান্বিতা লক্ষ্মী পুজো করেন। অবাঙালিরা লক্ষ্মী ও গণেশের পুজো করে থাকেন।
তার পরের দিন গোবর্ধন পুজো। মনে করে হয় এই দিনে গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ।
আর ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে অবসান হয় দীপাবলির উত্সবের।
ধনতেরস ও ভূত চতুর্দশী ২০২৬
এই বছর ধনতেরস পালিত হবে ৬ নভেম্বর ২০২৬ শুক্রবারে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২০ কার্তিক। কেনাকাটার জন্য শুভ সময় থাকছে বিকেল ৫টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭টা ২৬ মিনিট পর্যন্ত। এ দিন অনেকেই সোনা-রুপোর গয়না কিনে থাকেন।
তার পরের দিন ৭ নভেম্বর ২০২৬ শনিবারে পালিত হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ২১ কার্তিক। এই দিনে প্রয়াত পূর্ব পুরুষদের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। এ দিন ১৪ শাক খাওয়া ও সন্ধ্যাবেলা ১৪ প্রদীপ জ্বালানোর রীতি আছে।
কালীপুজো ও দীপাবলি ২০২৬
কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই উৎসব পালিত হয়। ৮ নভেম্বর ২০২৬ রবিবার সকাল ১১টা ২৭ মিনিটে অমাবস্যা পড়ছে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখটা হলো ২২ কার্তিক। এই দিনে সারা দেশে প্রদীপ ও আলো জ্বালিয়ে অন্ধকার দূর করা হয়। পশ্চিমবঙ্গে প্রধানত মা কালীর আরাধনা করা হয়, যা শ্যামা পুজো নামেও পরিচিত। দেশের অন্যান্য স্থানে এই দিনে লক্ষ্মী-গণেশের পূজা করা হয়। অনেক বাঙালি বাড়িতেও কার্তিক অমাবস্যা তিথিতে দীপান্বিতা লক্ষ্মীপুজো করা হয়ে থাকে। নিশীথ রাতে (রাত ১১টা ৩৯ মিনিট থেকে রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত) কালীপুজোর শুভ সময়।
অন্নকূট ও ভাইফোঁটা ২০২৬
এই বছর অন্নকূট উৎসব বা গোবর্ধন পুজো পালিত হবে ১০ নভেম্বর ২০২৬ মঙ্গলবারে, বাংলা তারিখ হলো ২৪ কার্তিক। মনে করা হয় এই দিনেই গিরি গোবর্ধন আঙুলের ডগায় তুলেছিলেন শ্রীকৃষ্ণ। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া পালিত হবে ১০ নভেম্বর ২০২৬ বুধবারে, বাংলা ক্যালেন্ডার অনুসারে ২৫ কার্তিক। ভাইফোঁটা দেওয়ার শুভ সময় বেলা ১২টা ২৭ মিনিট থেকে দুপুর ২টা ৪১ মিনিট পর্যন্ত।
