International

48 minutes ago

Kali Gandaki River : চোখের সামনে পাহাড় ধসে নদীতে! ফুঁসে ওঠা কালীগণ্ডকীর ভয়াবহ ভিডিয়ো ভাইরাল

Mountain collapses within seconds in Nepal
Mountain collapses within seconds in Nepal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  একটানা প্রবল বৃষ্টি ও একের পর এক ভূমিধসের জেরে ফের বিপর্যয়ের আশঙ্কা নেপালে। পাহাড়ের একটি বিশাল অংশ ধসে পড়েছে ফুলে-ফেঁপে ওঠা কালীগণ্ডকী নদী ও সংলগ্ন উপত্যকায়। পাহাড়ের সেই বিশাল অংশ নদীর জলে ভেঙে পড়ার ভয়াবহ দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে পাহাড়ের একাংশ হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়তে দেখা যাচ্ছে। আকস্মিক এই ভূমিধসের দৃশ্য দেখে শিউরে উঠেছেন নেটিজেনদের একাংশ। প্রবল বর্ষণের জেরে নেপালের পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগও তৈরি হয়েছে। 

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের একটি ঢাল হঠাৎ করেই ভয়াবহ ভাবে ধসে পড়ে। নদীতে বান ডাকার মতো পাথরের ধ্বংসাবশেষ নিয়ে পাহাড়ের একাংশে ভাঙন ধরেছে। পাহাড়ের ঢাল দ্রুত ধসে পড়ে হড়পা বানের মতো পরিস্থিতি তৈরি করেছে। বিপুল পরিমাণে ধ্বংসাবশেষ নীচের দিকে আছড়ে পড়েছে। উঠেছে ধুলোর ঝড়। কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ায় বাসিন্দারা আতঙ্কে চিৎকার করে উঠছেন। এক মাসেরও কম সময়ের মধ্যে নেপালে আবার এই ধরনের ভূমিধসের ঘটনা নিয়ে আতঙ্কিত করে তুলছে বাসিন্দাদের। রবিবার নতুন করে শুরু হওয়া বন্যা ও ভূমিধসের পর এই ঘটনাটি ঘটে। নতুন করে বিপর্যয়ের পর বিভিন্ন জেলায় অন্তত ২৪ জন নিহত এবং ১৪ জন নিখোঁজ হয়েছেন। পাহাড়ের একাংশ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘সুরজিৎ_ঘোষ২’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রবল বর্ষণের জেরে নেপালের বিভিন্ন প্রান্তে ভূমিধস ও নদীর জল উপচে পড়ার ঘটনা ঘটেছে। এর ফলে ঘরবাড়ি, রাস্তা, সেতু-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে মানাং, মিয়াগদি, বাগ্লুং, পারবত ও পালপা-সহ বেশ কয়েকটি জেলা। পাশাপাশি, দক্ষিণে তরাই অঞ্চলের কিছু এলাকা প্লাবিত এবং নদীভাঙনের সমস্যাও দেখা দিয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, কালীগণ্ডকী নদী ব্যাপক ক্ষতি করেছে। নারায়ণী এবং তিনাও নদীও ভাসিয়ে নিয়ে চলেছে বিস্তীর্ণ অঞ্চল।  

You might also like!