
কলকাতা, ৩০ সেপ্টেম্বর : পুজোর মুখে রাজ্যজুড়ে বড় ধরনের কোনও দুর্যোগের সম্ভাবনা নেই। আগামী সাত দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী দু’দিন অধিকাংশ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। তবে দু-এক জায়গায় স্থানীয় মেঘ থেকে হালকা বৃষ্টি হতে পারে। এর ঠিক দু’দিন পর থেকে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। এই মুহূর্তে রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টি বা দুর্যোগ সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে।
