
কলকাতা ও নয়াদিল্লি, ২৮ সেপেম্বর : বড়সড় ভোগান্তির হাত থেকে রেহাই পেলেন দেশের সাধারণ গ্রাহকরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে তিন দিনের দেশব্যাপী যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, রবিবার গভীর রাতে তা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা করল ব্যাঙ্ক কর্মীদের যৌথ সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস। ফলে সোমবার সকাল থেকেই দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত ও অন্যান্য ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে।
ব্যাঙ্কে সপ্তাহে পাঁচ দিনের কর্মদিবস চালু করা এবং পারফরম্যান্স-ভিত্তিক ইনসেনটিভের বৈষম্য দূরীকরণসহ একাধিক দাবিতে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ইউএফবিইউ। এর আগে চতুর্থ শনিবার (২৬ সেপ্টেম্বর) ও রবিবার (২৭ সেপ্টেম্বর) থাকায়, টানা পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতির গুরুত্ব বিচার করে রবিবারও বিশেষ ব্যবস্থায় কিছু শাখা খোলা রাখা হয়েছিল গ্রাহক সুবিধার স্বার্থে।
অবশেষে রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও ইউএফবিইউ নেতৃত্বের মধ্যে দিল্লিতে এক ম্যারাথন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সপ্তাহে পাঁচ দিনের কাজের দাবি এবং বাকি শনিবারগুলিকে ছুটির আওতায় আনার বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া স্কেল-৪ এবং তার ঊর্ধ্বতন আধিকারিকদের পারফরম্যান্স-লিঙ্কড ইনসেনটিভ সংক্রান্ত দাবিগুলি নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ রফাসূত্র মেলায় কর্মী সংগঠনগুলির পক্ষ থেকে তিন দিনের কর্মবিরতি আপাতত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এর জেরে উৎসবের মুখে আর্থিক লেনদেন ও দৈনন্দিন ব্যাঙ্কিং পরিষেবা সচল থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ নাগরিক ও ব্যবসায়ীরা।
