Country

1 hour ago

CJP Protest: সিজেপির প্রতিবাদ কর্মসূচির সমর্থনে বিক্ষোভের আগেই হেফাজতে তুষার গান্ধী

Mahatma Gandhi’s great-grandson Tushar Gandhi
Mahatma Gandhi’s great-grandson Tushar Gandhi

 

মুম্বই, ১০ অক্টোবর : ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচির সমর্থনে বিক্ষোভে নামার আগেই শনিবার মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা সমাজকর্মী তুষার গান্ধীকে হেফাজতে নিল মুম্বই পুলিশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির প্রতিবাদ কর্মসূচির সমর্থনে মুম্বইয়ের আগস্ত ক্রান্তি ময়দানে বিক্ষোভ দেখানোর কথা ছিল তাঁর। এই কর্মসূচিকে ঘিরে সতর্ক ছিল পুলিশ। বিক্ষোভে যোগ দিতে আসা ব্যক্তিদের আটক করার প্রক্রিয়াও শুরু হয়।

মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, বান্দ্রা থেকে তুষার গান্ধীকে হেফাজতে নিয়ে ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে ‘হম ভারত কে লোগ’ সংগঠনের সঙ্গে যুক্ত কর্মী ফিরোজ মিথিবোরওয়ালাকেও তাঁর বাড়ি থেকে আটক করে এমআইডিসি থানায় নিয়ে যাওয়া হয়। তুষার গান্ধী সমাজমাধ্যমের এক্স হ্যান্ডলে একটি পোস্টার শেয়ার করে নাগরিকদের শনিবার দুপুর ৩টা ৩০ মিনিটে আগস্ত ক্রান্তি ময়দানে প্রস্তাবিত বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

পুলিশ আধিকারিকের বক্তব্য, এই কর্মসূচির জন্য গামদেবী থানায় কোনও আবেদন জমা পড়েনি। জমায়েতের সরকারি অনুমতিও দেওয়া হয়নি। বম্বে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, আগস্ত ক্রান্তি ময়দানকে প্রতিবাদ-বিক্ষোভের স্থান হিসেবে নির্ধারণ করা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই আগাম সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয়াদিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ভোটার তালিকায় কথিত কারচুপি, বিশেষ করে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ব্যবহৃত ফর্ম-৬-এ পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। মুম্বইয়ে প্রস্তাবিত বিক্ষোভটি ওই কর্মসূচির সমর্থনেই আয়োজনের কথা ছিল। তবে পুলিশের পদক্ষেপের জেরে কর্মসূচি শুরুর আগেই তুষার গান্ধী-সহ কয়েক জন কর্মীকে হেফাজতে নেওয়া হয়।

You might also like!