
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাণ্ডবেশ্বরে ফের শিল্পের পরিবেশ তৈরি হচ্ছে বলে দাবি করলেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, শিল্পের অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। শিল্প সম্মেলনের প্রথম দিনেই পাণ্ডবেশ্বরে এক হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে সেই বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা ছুঁতে পারে বলেও দাবি বিধায়কের। জিতেন্দ্রের আরও অভিযোগ, অতীতে পাণ্ডবেশ্বরে শিল্পক্ষেত্রে ব্যাপক তোলাবাজির পরিবেশ ছিল। তাঁর দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং ধীরে ধীরে শিল্পবান্ধব পরিবেশ ফিরছে। বিনিয়োগের প্রস্তাব বাড়ার ঘটনাকেই তারই প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন বিজেপি বিধায়ক।
শিল্প সম্মেলনে শিল্পপতিদের উপস্থিতি ও আগ্রহ থেকেই তাঁদের আস্থা ফেরার প্রমাণ মিলেছে বলে দাবি করেন জিতেন্দ্র তিওয়ারির। তাঁর বক্তব্য, আগে পাণ্ডবেশ্বরে বিনিয়োগের মতো পরিস্থিতি থাকলেও শিল্পপতিরা সাহস করে এগোতে পারতেন না। বর্তমানে এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে পরিশ্রম না করে কেউ অর্থ দাবি করবে না, তোলাবাজিও চলবে না। বিগত দিনে পাণ্ডবেশ্বরের পরিস্থিতি যা ছিল সেই কারণে শিল্পপতিরাও বিনিয়োগে পিছিয়ে ছিলেন।
স্বাস্থ্য, ক্ষুদ্র, ছোট ও মাঝারি কারখানা থেকে শুরু করে বড় শিল্প বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন শিল্পপতিরা। ইসিএলের পরিত্যক্ত খনি এলাকার জমি ব্যবহার করে ভবিষ্যতে শিল্প গড়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি নতুন ধরনের খনি প্রযুক্তির জন্য দক্ষ কর্মীর ঘাটতির কথাও উঠে এসেছে সম্মেলনে। তিওয়ারির দাবি, আগামী এক-দুই বছরে বহু বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান হবে এই পাণ্ডবেশ্বরে।
