
নয়াদিল্লি, ১০ অক্টোবর : সংবিধানের দোহাই দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টার বিরুদ্ধে বিরোধী শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বিরোধীদের এমন আচরণকে 'জনাদেশের অপমান' বলে আখ্যা দেওয়ার পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের শান্তি বিঘ্নিত করার যে কোনও চক্রান্তের মোক্ষম জবাব দেবে বিজেপি ও দেশবাসী।
শনিবার রাজধানীতে এক বক্তব্যে নিতিন বলেন, “মিথ্যাকে হাতিয়ার করে সংবিধানের নামে গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো আসলে মানুষের দেওয়া রায়কেই অপমান করার সামিল। দেশের কোটি কোটি মানুষ যাঁকে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন, তিনিই এখন দেশকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। বিভিন্ন রাজ্যের নির্বাচনে বারবার পরাজয় এবং সেই হতাশা থেকেই আপনারা দেশকে শান্তির পথে এগোতে দিতে চাইছেন না।”
বিরোধীদের কড়া বার্তা দিয়ে তিনি আরও বলেন, “আমি আপনাদের স্পষ্ট সতর্ক করে দিচ্ছি—বিজেপি এবং এই দেশের দেশপ্রেমিক নাগরিকরা আপনাদের এই অপচেষ্টার যোগ্য ও কঠোর জবাব দেবে।” নিতিন নবীন দৃঢ়তার সঙ্গে জানান, উত্তেজনা ও অস্থিরতা তৈরির যে কোনও প্রচেষ্টা ভারত সরকার অত্যন্ত কঠোর হাতে দমন করবে। পাশাপাশি বিজেপির কর্মীরা সবসময় জনগণের মাঝে থেকে বিরোধীদের এই সমস্ত পরিকল্পনা বানচাল করে দেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী যখন ১৪০ কোটি দেশবাসীর বিশ্বাসকে সম্বল করে এক ‘নতুন ভারত’ গঠনে নিজেকে উৎসর্গ করেছেন, তখন আমরাও দেশবাসীকে আশ্বস্ত করছি যে আমরা দেশের সার্বিক উন্নয়নে সম্পূর্ণ দায়বদ্ধ। শান্তি ও সমৃদ্ধির মধ্য দিয়েই দেশ এগিয়ে যাবে। জনগণ আমাদের ওপর যে ভরসা রেখেছেন, তার ভিত্তিতেই আমরা ‘বিকশিত ভারত’-এর স্বপ্নকে বাস্তবায়িত করব। দেশীয় বা বিদেশি—যে কোনও অপশক্তিকেই আমরা শক্ত হাতে প্রতিহত করব।”
