West Bengal

53 minutes ago

Durgapur News: ড্রাই ডে-র আগে হোটেলে মদ মজুত? অভিযোগ ঘিরে কড়া বার্তা বিজেপি বিধায়কের

BJP MLA Raju Patra
BJP MLA Raju Patra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের আমলে এবারই প্রথম দুর্গাপুজো। মহাষ্টমীর দিন রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর মধ্যেই মহাষ্টমীতে মদের দোকান বন্ধ থাকার সুযোগ নিয়ে দুর্গাপুরের একাধিক হোটেলে আগেভাগে বিপুল পরিমাণ মদ মজুত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন বিজেপি বিধায়ক রাজু পাত্র। তাঁর দাবি, বেআইনি ভাবে মদ মজুত করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে হোটেলগুলিতে অভিযান চালানো হবে। গলসির বিধায়ক জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পূর্ব জোনের দুর্গাপুর এলাকার পুজো কমিটিগুলিকে নিয়ে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। পুজোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং নজরদারি নিয়ে প্রশাসন ও পুলিশের আধিকারিকদের উপস্থিতিতে চলে বৈঠক। সেখানে বক্তব্য রাখেন গলসির বিধায়ক রাজু পাত্র। বিধায়কের অভিযোগ, অষ্টমীতে মদ বিক্রি বন্ধ থাকবে জানতে পেরে কিছু হোটেল মালিক আগেভাগেই মদ মজুত করতে শুরু করেছেন। 

অভিযোগ, দুর্গাপুরের একাধিক হোটেল কর্তৃপক্ষ বিপুল পরিমাণ মদ আগে থেকেই মজুত করে রাখছে। বিধায়ক বলেন, “খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন হোটেল এখন থেকেই মদ তুলে রাখতে শুরু করেছে। কিন্তু এটা কোনওভাবেই করতে দেওয়া হবে না। প্রতিটি হোটেলে নজরদারি ও প্রয়োজনে অভিযান চালাতে হবে।” আমরা সোনার বাংলা গড়ার পথে এগোচ্ছি। পুলিশকে বলব, সব হোটেলে যেন অভিযান চালানো হয়। না হলে আমি নিজেই অভিযান চালাব।’’ এরপরেই তাঁর হুঁশিয়ারি, “আমরা যদি জানতে পারি, তাহলে তখন দেখে নেবেন কী হয়।” পুলিশ-প্রশাসনও কড়া নজরদারি চালাবে বলে বৈঠকে স্থির হয়েছে। জেলাশাসক বলেন, “সরকারি নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।”   

You might also like!